ফন পার্সিকে ম্যানইউয়ে চান ফার্গুসন
রবিন ফন পার্সি আগামী মৌসুমে কোথায় যাবেন—এ নিয়ে আলোচনার অন্ত নেই। আর্সেনালের সঙ্গে এই মৌসুমের শুরুতে নতুন চুক্তি সম্পাদনে অস্বীকৃতি জানিয়ে ফন পার্সি অন্য ক্লাবে যাওয়ার ব্যাপারে এক পা বাড়িয়েই রেখেছেন। আর্সেনাল অবশ্য গত মৌসুমে ৩৮ গোল করা এই স্ট্রাইকারকে রেখে দিতে চেয়েছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটির আগ্রহের মুখে আর্সেনাল এখন স্বপ্ন দেখছে ফন পার্সিকে ভালো দামে বিক্রি করে ব্যাংক হিসাবকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার।এমন একটি পরিস্থিতিতে ফন পার্সির সামনে পথ খোলা অনেক। ফুটবলামোদী মহলে তাই জল্পনা, ডাচ স্ট্রাইকারের নতুন ঠিকানা কোনটা? ম্যানচেস্টার না তুরিন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসন অবশ্য জানিয়ে দিয়েছেন, ফন পার্সির প্রতি তাঁর এবং তাঁর ক্লাবের আগ্রহের কথা। যদিও খবরে প্রকাশ, আর্সেনাল থেকে তাঁকে নিয়ে আসার পথে নাকি অনেকদূরই এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।তবে ডাচ এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়ে আক্রমণভাগ শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন। সম্প্রতি এমইউটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ফন পার্সিকে নিয়ে অন্য ক্লাবগুলোও আগ্রহ দেখাচ্ছে। আমরাও তাঁকে নিয়ে আগ্রহী। এই মুহূর্তে পরিস্থিতি এ রকমই। চূড়ান্ত কোনো লেনদেনে যাওয়ার আগে আমরা ব্যাপারটাকে আমাদের অনুকূলে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব।’ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন রবিন ফন পার্সি। কিন্তু লিগ শেষ হওয়ার পর আর্সেনালের সঙ্গে নতুনভাবে চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছেন এই ডাচ স্ট্রাইকার। ফন পার্সির জন্য ইতিমধ্যেই ১৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছে আর্সেনাল ক্লাব কর্তৃপক্ষ। তবে এত কম টাকায় তারা ছাড়তে চায় না দলের তারকা স্ট্রাইকারটিকে। আর্সেনাল ফন পার্সির জন্য ২৫-৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব আশা করছে বলে অনুমান করা হচ্ছে।