ফন পার্সির আলোয় উজ্জ্বল হল্যান্ড
রবিন ফন পার্সি ও ইব্রাহিম অ্যাফেলের দুটি করে গোল ইউরো চ্যাম্পিয়নশিপের আগে হল্যান্ডকে এনে দিয়েছে বিশাল এক জয়। আমস্টারডামে অনুষ্ঠিত খেলায় কমলা সৈনিকেরা উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে ৬-০ গোলে।কালকের ম্যাচের মধ্য দিয়েই ডাচ কোচ বার্ট ফন মারউইক খুঁজে পেয়েছেন তাঁর বহু আরাধ্য একাদশ। রবিন ফন পার্সি না ক্লাস-জান হান্টেলার, কে ইউরোয় হল্যান্ডের প্রথম একাদশে কেন্দ্রীয় স্ট্রাইকারের ভূমিকায় থাকবেন—গতকাল পর্যন্ত মারউইক ছিলেন এই দোটানার মধ্যে। কাল রবিন ফন পার্সি মারউইকের আস্থার প্রতিদান দিয়েছেন খুব চমত্কারভাবেই। সেই সঙ্গে মারউইকের কপাল থেকে মুছে দিয়েছেন একাদশ নিয়ে চিন্তার বলিরেখা।হল্যান্ডের পক্ষে কাল ফন পার্সি ও ইব্রাহিম অ্যাফেলে ছাড়াও গোল করেছেন ওয়েসলি স্নেইডার ও রন ভ্লার। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল হল্যান্ড। ম্যাচে ১১ মিনিটের সময় ফন পার্সির গোলে এগিয়ে যায় হল্যান্ড। ১৫ মিনিটে আরও একটি গোল করেন ওয়েসলি স্নেইডার। ২৯ মিনিটের সময় পেনাল্টি থেকে হল্যান্ডের লিড ৩-০-তে পরিণত করেন সেই ফন পার্সি। এর পরপরই মঞ্চ চলে যায় সম্পূর্ণ ইব্রাহিম অ্যাফেলের দখলে। ম্যাচের ৩৭ ও ৫১ মিনিটে দুটি গোল করেন অ্যাফেলে। ৭৮ মিনিটে রন ভ্লার উত্তর আয়ারল্যান্ডের কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।ম্যাচ শেষে অবশ্য জয়ের ব্যবধানের চেয়ে কৌশল বাস্তবায়নের সফলতার ব্যাপারেই সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ মারউইক। তিনি বলেন, ‘এই ম্যাচে আমরা যা করতে চেয়েছিলাম, সেটাই করতে পেরেছি। জয়ের ব্যবধান নিয়ে আমি ভাবছি না। কারণ, প্রতিপক্ষ হিসেবে উত্তর আয়ারল্যান্ড অনেকটাই দুর্বল।’মারউইক বলেন, ‘ইউরোর আগে আমি সবচেয়ে বেশি চিন্তিত আমার লেফট ব্যাক পজিশনটি নিয়ে। কারণ জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্টয়ের অবসরের পর সেই স্থান নেওয়া এরিক পিটারর্স এখন ইনজুরিতে আক্রান্ত।’ জোরিস মাথিজসেনের ইনজুরি নিয়েও দুশ্চিন্তায় আছেন ডাচ কোচ। রয়টার্স।