ফন পার্সির গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড
দীর্ঘ আট বছর রবিন ফন পার্সি ছিলেন আর্সেনালের আক্রমণভাগে প্রধান সেনানী। গত মৌসুমে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল গানাররা। এবার সেই ফন পার্সির গোলই হারাল আর্সেনালকে। ফন পার্সি ও প্যাট্রিক ইভরার গোলে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের মৌসুমের শুরুতে আর্সেনাল থেকে ম্যানইউতে পাড়ি জমানোর পর আজ প্রথমবারের মতো পুরোনো ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলেন ফন পার্সি।ফন পার্সি যে প্রতিপক্ষের রক্ষণভাগে কতটা ত্রাস সৃষ্টি করতে পারেন, সেটা আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার খুব ভালোমতোই জানতেন। ম্যানইউর বিপক্ষে আজকের ম্যাচে তাই গানার কোচের মূল ভয়টা ছিল এই ডাচ স্ট্রাইকারকে নিয়েই। আর ভয়টা যে মোটেই অমূলক ছিল না, সেটা ম্যাচের শুরুতেই প্রমাণ করেছেন ফন পার্সি। খেলা শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মাথায় আর্সেনালের জালে বল জড়িয়ে দেন এই তারকা স্ট্রাইকার; ১-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার একেবারে আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করার মোক্ষম সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু সমর্থকদের হতাশায় ডুবিয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ওয়েইন রুনি। তবে দ্বিতীয়ার্ধে সমর্থকদের আর হতাশ করেননি প্যাট্রিক ইভরা; ৬৭ মিনিটে করেন ম্যানইউর পক্ষে দ্বিতীয় গোল। দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার; ১০ জনের দলে পরিণত হয় গানাররা। জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যানইউর। শেষ বাঁশি বাজার একেবারে আগমুহূর্তে আর্সেনালের পক্ষে একটি গোল করে হারের ব্যবধান কমান সান্টি কারজোলা।আর্সেনালের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের পরবর্তী খেলায় চেলসি যদি সোয়ানসে সিটির বিপক্ষে জয় না পায়, তাহলে শীর্ষস্থানটা পাকাপাকিই পেয়ে যাবে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। সকারনেট।