ফন পার্সির প্রশংসায় মুখর ওয়েঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শুরুটা একেবারেই ভালো হয়নি আর্সেনালের। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। তিনবারই মাঠ ছাড়তে হয়েছে হারের স্বাদ নিয়ে। সদ্যই বার্সেলোনায় ফিরে যাওয়া সেস ফেব্রিগাসের অভাবটাও নিশ্চয়ই বেশ ভালোমতো অনুভব করছিল গানাররা। তবে কাল নিজের দুরন্ত পারফরম্যান্সের প্রত্যয়ে দলের সামনে আশার আলোই জ্বালিয়েছেন নতুন অধিনায়ক রবিন ফন পার্সি। ডাচ এই স্ট্রাইকারের জোড়া গোলে বোল্টনের বিপক্ষে ৩-০ গোলের স্বস্তি ফেরানো জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচ শেষে ফন পার্সির ব্যাপক প্রশংসাও করেছেন আর্সেনালের এই ফরাসি কোচ।ওয়েঙ্গার সবচেয়ে খুশি হয়েছেন ফন পার্সি ফেব্রিগাসের বিকল্পের সন্ধান দেওয়ায়। তিনি বলেছেন, ‘রবিন সেই সব খেলোয়াড়দের একজন, যারা দায়িত্ব নিয়ে খেলতে পারে। শুরতে তাকে দেখে মনে হতে পারে যে তার মধ্যে সহজাত নেতৃত্বের লক্ষণ নেই। কিন্তু পরে সে খুব চমত্কারভাবে এই দায়িত্বটার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমি তাকে অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম। সে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে।’এবারের মৌসুমের ভয়াবহ বাজে সূচনার পর ব্যাপক জনরোষের মুখে পড়েছিলেন ওয়েঙ্গার। তার পদত্যাগের দাবিতেও মুখর হয়েছিল আর্সেনাল সমর্থকেরা। গতকাল বোল্টনের বিপক্ষে ম্যাচটা হারলে পয়েন্ট তালিকার একেবারে নিচে নেমে যেত আর্সেনাল। এমন একটা পরিস্থিতিতে এই জয়টা যে ওয়েঙ্গারের জন্য স্বস্তিদায়ক হয়েছে, তা সহজেই অনুমান করা যায়। তিনি বলেছেন, ‘এই ম্যাচটা জেতা আমাদের জন্য খুবই জরুরি ছিল। কারণ, আমরা আর কোনো পয়েন্ট হারানোর মতো অবস্থায় ছিলাম না।’ ওয়েবসাইট।