ফন পার্সির যত ক্ষোভ চেলসি-বার্সার ওপর
আর্সেনাল স্ট্রাইকার রবিন ফন পার্সির সব ক্ষুব্ধতা যেন চেলসি ও বার্সেলোনার জন্য বরাদ্দ। বারবারই অত্যন্ত আপত্তিকর ভাষায় এই দুটো ক্লাবের শাপ-শাপান্ত করেছেন তিনি। কয়েক মাস আগেই তিনি এই দুটো ক্লাবের খেলোয়াড়দের ‘বিরক্তিকর উপাদান’ হিসেবে অভিহিত করেছিলেন। এ ব্যাপারে এই ডাচ খেলোয়াড়ের অভিমত ছিল, ‘এই দুটো ক্লাবের খেলোয়াড়েরা রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিয়ে নাকি কান্না কাঁদে।’ পার্সির এই মন্তব্যগুলো কিন্তু যথেষ্ট কাঁচি চালিয়েই ছেপেছে সংবাদ সংস্থাগুলো। এ সপ্তাহের একটি ডাচ টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে ফন পার্সি বলেছেন, ‘আমার মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। টেলিভিশনে যাঁরা চেলসি ও বার্সেলোনার খেলা দেখে থাকেন, তাঁরাও আমার সঙ্গে একমত পোষণ করবেন। তাঁরা মাঠে রেফারির প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করেন। এটা তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে।’তিনি আরও বলেন, ‘আপনার মধ্যে যদি অনেক অভিযোগ থাকে, তাহলে ফুটবল খেলার মাঠ আপনার জন্য নয়। আপনি কোনো বেকারিতে যান, দেখবেন সেখানে অমন বিরক্তিকর অনেক মানুষকে দেখতে পাবেন।’তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী দল চেলসি সম্পর্কে বলেন, ‘এই দলটি মাঠে অন্য দলের খেলোয়াড়দের কার্ড খাওয়াতে ওস্তাদ।’ তিনি আরও বলেন, ‘এরা রেফারির প্রতিটি সিদ্ধান্তেরই বিরোধিতা করে। আমার মনে হয়, এ ব্যাপারগুলোর ইতি ঘটা উচিত।’চ্যাম্পিয়নস লিগের মালিক বার্সেলোনা সম্পর্কেও ফন পার্সির অভিযোগ একই। ‘বার্সেলোনার খেলোয়াড়েরাও মাঠে ভাণ করতে খুব পছন্দ করে।’ চেলসি ও বার্সেলোনাকে নিয়ে ফন পার্সির ক্ষোভের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। এবারের ইংলিশ লিগে চেলসির অবস্থান আর্সেনালের ওপর। বার্সেলোনার কাছে হেরেই গানারদের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নের সমাধি হয়েছে। ওয়েবসাইট।