ফন পার্সির ‘ডাবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের ব্যবধানেই ডাবল জয়ের আনন্দে ভাসলেন রবিন ফন পার্সি। গত রোববার ইংলিশ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্সেনালের ডাচ তারকা। দুই দিন পর কাল আর্সেনাল অধিনায়ক জিতে নিলেন ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটিও।মানে, একই মৌসুমে ইংলিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি ব্যক্তিগত পুরস্কারই নিজের করে নিলেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। মর্যাদার দিক থেকে দুটি পুরস্কারই একই মানের। লিগে গার্নার্স স্ট্রাইকার ইতিমধ্যেই করেছেন ৩৫ ম্যাচে ২৭ গোল। সব মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৪ গোল। আর্সেনালকে যেন একাই টেনে নিচ্ছেন পার্সি! এফডব্লুএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রাপ্তির দৌড়ে পার্সির মূল লড়াইটা ছিল ওয়েইন রুনির সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার হয়েছেন দ্বিতীয়, তাঁর সতীর্থ ‘বুড়ো’ পল স্কলস তৃতীয় এবং ফুলহামের মার্কিন তারকা ক্লিন্ট ডেম্পসে চতুর্থ। এএফপি।