ফরাশগঞ্জের ‘ফরাসি বিপ্লব’
ভবনটিতে জড়াজড়ি করে আছে ব্রিটিশ আর মোগল স্থাপত্য। ইটগুলো লাল রঙের। বুড়িগঙ্গার তীরঘেঁষা ভবনটির লালকুঠি নাম যথার্থই। ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড নর্থব্রুকের নামাঙ্কিত (১৮৭২-১৮৭৬) নর্থব্রুক হলটা এই লালের মধ্যে হারিয়ে কবেই লালকুঠি হয়ে গেছে।কাল দুপুরে এই লালকুঠিতে দেখা গেল ছোপ ছোপ নীল আর আবিরের রং। আঙিনা ছাড়িয়ে এই রং ক্লাবঘরের মেঝে, এমনকি দেয়ালের গায়েও। রং খেলা হয়েছে আগের রাতে। যৎকিঞ্চিৎ অবশিষ্ট রঙের সদ্ব্যবহার হয়েছে সকালেও। আগের রাতটি ছিল স্বপ্নের রাত। রাত পেরিয়ে আসা সকালটিও স্বপ্নমাখা। ভরদুপুরে একদল দামাল যুবা গায়ে-মাথায় রঙে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ‘রঙের কী দেখছেন, আরও হবে’—ঘোষণা তাদের মুখে।লালকুঠির পাশেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। যে ক্লাব এখন স্বপ্নের ঘোরে। ঢাকাই ফুটবলের সব পরাশক্তিকে টপকে স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জয় তো এখনো স্বপ্ন-স্বপ্নই লাগছে তাদের কাছে। প্রতিষ্ঠার ৫২ বছর আর ফুটবলে আত্মপ্রকাশের অর্ধশতাব্দী পর প্রথম শিরোপা জয়ের মুহূর্তে ক্লাবে এমন রং আর এমন আলোই ছড়িয়ে পড়ার কথা ছিল। যে ক্লাবটির স্বাধীনতাযুদ্ধে বিরাট অবদান আছে, স্বাধীনতা কাপের শিরোপা সেটির নামের পাশে খুব মানিয়ে যাচ্ছে। ক্লাবের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শাহিদের মুখে সাফল্য উদ্যাপনের যে পরিকল্পনা শোনা গেল, তাতে পুরান ঢাকার এই অঞ্চলের আগামী কয়েক দিন উৎসবেই মেতে থাকার কথা। বিশাল একটা শোভাযাত্রা হবে। হবে গণভোজ। ত্রস্ত পায়ে এসে ক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর সিকদার লোটন জানান, ‘আট লাখ মরিচাবাতির অর্ডার দিয়ে এলাম।’ মরিচাবাতি লাগবে আলোকসজ্জায়। আশপাশের পুরো এলাকাটা ভাসবে আলোবন্যায়! ফরাশগঞ্জ স্পোর্টিং যে ফুটবল বিপ্লবের জন্ম দিল, তাতে উদ্যাপনটা এমনই হওয়া উচিত। ক্লাব সভাপতি মিজানুর রহমান খান ব্যক্তিগতভাবে দলের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।১৯৬২ সালে তৃতীয় বিভাগ ফুটবল থেকে যাত্রা শুরু করা ফরাশগঞ্জ আবাহনীর মতো পরাশক্তিকে বিদায় করে, শেখ জামাল ধানমন্ডির মতো জাতীয় দলের বিকল্প নামকে হারিয়ে উঠে গিয়েছিল স্বাধীনতা কাপের ফাইনালে। যেখানে প্রতিপক্ষ ছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। ঘরোয়া ফুটবলের ইতিহাসে প্রথম বড় দলবিবর্জিত ফাইনাল। একটা বৃত্ত ভাঙার স্পর্ধা। ফরাশগঞ্জ চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিল দেশের ফুটবলে কৌলীন্য প্রথা বলে এখন কিছু নেই। বিপ্লব, রীতিমতো ফরাসি বিপ্লব! ফরাসি বিপ্লব কী করে, নামেই রয়েছে সেই যোগসূত্র। ফ্রান্স থেকে ফরাশ, সেই থেকে ফরাশগঞ্জ। মূল ফ্রান্স শব্দটির অপভ্রংশ ফরাসিদের স্মৃতি মনে করিয়ে দেয়। কেউ জানে, কেউ জানে না। ক্লাব সহসভাপতি ইউসুফ সরদার, যিনি প্রতিষ্ঠাতা মওলা বখশ সরদারের ভাইপো, জানালেন, ব্রিটিশদের আগে এখানে ছিল একটা ফরাসি কুঠি। বুড়িগঙ্গা বেয়ে ব্যবসা করতে এসেছিল ফরাসিরা, ব্রিটিশদেরও আগে। লালকুঠির কাছেই প্রায় ধ্বংসপ্রাপ্ত দেব নিবাস নামের কুঠিটাই ছিল ফরাসি ব্যবসায়ীদের আস্তানা। একদিকে ফরাসি কুঠি, আরেক দিকে ব্রিটিশ উপনিবেশের স্মৃতি লালকুঠি। ঠিক জায়গাটিতেই ইতিহাস একটা আঁচড় দিল রোববার রাতে।লালকুঠি এখন সরকার-ঘোষিত পুরাকীর্তি। মৌনমুখর ইতিহাস। ফরাশগঞ্জ এই ইতিহাসের মধ্যেই এত দিন ঘুমিয়ে ছিল ফুটবলার গড়ার কারখানা হয়ে। স্বাধীনতা কাপ তাদের ঘুম ভাঙাল। ঘুম থেকে জেগে তারা বুঝতে পারছে, শুধু বড় ক্লাবে খেলোয়াড় জোগান দেওয়াতেই সার্থকতা নয়। কানন, রুপু, বাদল দাস, ফয়সাল, নজরুল, আমিনুল, বিপ্লব, এনামুলদের মতো খেলোয়াড় তুলে আনাটাই যথেষ্ট নয়। সাফল্যের নৌকাটা বাইতে হবে। ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সাফল্যের একটা একান্ত রাস্তা তো তাদের চেনা হয়েই গেল।হাজি শাহিদ রাস্তাটাকে চিনেছেন এভাবে—সারা দেশ থেকে তরুণ ফুটবলার এনে তাদের দিতে হবে একটা পারিবারিক পরিবেশ। পারিশ্রমিক কিংবা সম্মানী কম হলেও সেটি দিতে হবে সময়মতো ও নিয়মমতো। একজন ভালো কোচের হাতে তুলে দিতে হবে ছেলেদের, যেমন কামাল বাবু। আর ‘জিততেই হবে, না জিতলে পৃথিবী শেষ’ এমন চাপে খেলোয়াড়দের ভারাক্রান্ত করা যাবে না। অধিনায়ক খোকন দাস বললেন, ‘আমাদের ওপর কোনো চাপ ছিল না। ক্লাব আমাদের বলেছিল, তোমরা উপভোগের আনন্দে খেল।’ নাইজেরিয়ান স্ট্রাইকার কালু জনসন সারা রাত আনন্দ-উল্লাস করে ক্লান্ত। বিছানায় আধশোয়া জনসনের মুখে তৃপ্তির হাসি, ‘তিন বছর ধরে খেলছি। অবশেষে দলকে কিছু দিতে পারলাম। ক্লাবটিকে বড় আপন মনে হয়।’নতুন এই সাফল্য আর অর্জনের আলোয় ফরাশগঞ্জ যেন ঘোষণা করল নতুন ইশতেহার, ‘আমরা আসছি।’ ‘স্বাধীনতা’ লাভের পর ফরাশগঞ্জ বলতে পারে, আসছি কি, আমরা তো এসেই গেছি!