ফরাসি অনুশীলনে ড্রোন!

প্রতিপক্ষের শক্তিমত্তা-দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা থাকলেই যুদ্ধজয়ের কাজটা নাকি অনেক সহজ হয়ে যায়। বিশ্বকাপের ‘বিশ্বযুদ্ধে’ তাই নিজেদের রণকৌশল গোপনই রাখতে চায় দলগুলো। অনুশীলন ক্যাম্পের বাইরে নিরাপত্তাও কম থাকে না। তবে এত কিছুর পরও ফ্রান্সের অনুশীলনে নাকি হানা দিয়েছে গুপ্তচর! দূরনিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে দলের অনুশীলনে গুপ্তচরবৃত্তি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
ফিফার কাছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও জানিয়েছেন ফরাসি কোচ। ড্রোন দিয়ে প্রতিপক্ষের অনুশীলনে প্রায়ই এমন গুপ্তচরবৃত্তি করা হয় বলেও মন্তব্য করেছেন দেশম, ‘ইদানীং ড্রোনের ব্যবহার খুবই বেশি হচ্ছে। ফিফা বিষয়টা খতিয়ে দেখছে। আমরা আমাদের গোপনীয়তা অক্ষুণ্ন রাখতে চাই। কিন্তু ইদানীং এসবের বিরুদ্ধে লড়াই চালানোটাও খুব কঠিন হয়ে পড়ছে।’
আজ হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচটা হন্ডুরাসের বিপক্ষে হওয়ায় অনেকেই সন্দেহের আঙুল তুলেছিলেন উত্তর আমেরিকার এ দেশটির দিকে। কিন্তু হন্ডুরাসে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন সে দেশের একজন সাংবাদিক।
‘ই’ গ্রুপে ফ্রান্সের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ইকুয়েডর। রয়টার্স