ফরাসি ফুটবলে ইব্রা-সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানেই যান জ্লাতান ইব্রাহিমোভিচ, ভাগ্যটাকে সঙ্গে নিয়েই যান। হল্যান্ড, ইতালি, স্পেন যেখানেই খেলেছেন ফুটবল-বিধাতার আশীর্বাদ পেয়েছেন। তাঁর ছোঁয়ায় বদলে গেছে ক্লাবেরও ভাগ্য। তারই প্রমাণ আয়াক্স আমস্টারডাম, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানের হয়ে জেতা টানা আটটি লিগ শিরোপা। শুধু গত মৌসুমেই পারেননি এসি মিলানকে লিগ জেতাতে। এবার দল পাল্টে যোগ দিলেন প্যারিস সেন্ট-জার্মেইতে। ফরাসিরা দেখল সেই পুরোনো ইব্রাকেই। তবে নিজে গোল করলেও জয়ের দেখা পাচ্ছিল না তাঁর দল পিএসজি।অবস্থা পাল্টেছে গত দুই ম্যাচে। টানা তিনটি ড্রয়ের পর দুটি ম্যাচ জিতল টাকার বস্তা নিয়ে নামা ক্লাবটি। পরশু তুলুজকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের পাস্তোরে ও ইব্রা করেছেন গোল দুটি। পরশুর গোলটি ছিল লিগ ওয়ানে ইব্রার পঞ্চম গোল, চার ম্যাচে। লিগে পিএসজি এখন পর্যন্ত গোলই করেছে ছয়টি। আপাতত লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারই। পিএসজি জয়ের রাস্তা খুঁজে পেলেও পথ হারিয়েছে চ্যাম্পিয়ন মপেঁলিয়ে। পাঁচ ম্যাচের মাত্র ১টিতে জেতা দলটি ৩-১ গোলে হেরেছে স্টাডে ডি রেইমের কাছে। এই পরাজয় টেবিলের ১৪ নম্বরে ঠেলে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। রয়টার্স।