ফরাসি সৌরভ, না জার্মান দৃঢ়তা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিওন বারতোলি, সাবিনা লিসিকি
মারিওন বারতোলি, সাবিনা লিসিকি

মারিওন বারতোলি, না সাবিনা লিসিকি—কে জিতবেন এবারের উইম্বলডন? উইম্বলডন শুরুর আগে প্রশ্নটার উত্তরে কেউ যদি এই দুজনের কারও নাম বলে থাকেন, তবে নির্ঘাত তিনি নস্ট্রাডামাসের উত্তরসূরি বনে গেছেন। সেরেনা-শারাপোভা-আজারেঙ্কাদের পেছনে ফেলে উইম্বলডন জিতে যাবেন বারতোলি-লিসিকিদের একজন—খোদ এই দুজনও এই স্বপ্ন দেখেছেন কি না বলা মুশকিল। যে বারতোলি ২০১৩ সালে টানা দুটি ম্যাচ জিততে পারেননি, তিনিই কিনা টানা ছয়টি ম্যাচ জিতে উইম্বলডনের ফাইনালে। একসময় গুরুতর চোটে যাঁর আবার হেঁটে বেড়ানোটাই সংশয়ে পড়েছিল সেই লিসিকিও ফাইনালে।

ক্যারিয়ারের সেরা টেনিস খেলেই আজ ফাইনালে মুখোমুখি এই দুজন। জার্মান-ফরাসি দ্বৈরথে বিজয়ী পাবেন প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ।

ফাইনালে ওঠার পথ পুরোপুরিই ভিন্ন ছিল বারতোলি-লিসিকিদের। পঞ্চদশ বাছাই বারতোলির সামনে পড়া সবচেয়ে কঠিন প্রতিপক্ষ স্লোন স্টিভেনসও বাছাই তালিকায় ছিলেন ১৭ নম্বরে। অবশ্য ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভার আগেভাগে বিদায়ই বারতোলির পথ করেছে পরিষ্কার। তার পরও অঘটনের এই উইম্বলডনে একটি সেটও না হেরেই ফাইনালে ২৮ বছর বয়সী বারতোলি। এএফপি।

২৩তম বাছাই লিসিকিকে পেরিয়ে আসতে হয়েছে সেরেনা উইলিয়ামস ও আগ্নিয়েস্কা রাদভানস্কার মতো হেভিওয়েট খেলোয়াড়দের বাধা। হারিয়েছেন গ্র্যান্ড স্লামজয়ী দুই খেলোয়াড় ফ্রান্সেচকা শিয়াভোনে ও সামান্থা স্টোসুরকেও। স্টেফি গ্রাফের পর প্রথম জার্মান মেয়ে লিসিকি কি পারবেন জার্মানির গ্র্যান্ড স্লাম খরা কাটাতে?

বারতোলি জিতলে খরা কাটবে ফ্রান্সেরও। ২০০৬ সালে অ্যামেলি মরেসমোর উইম্বলডন জয়টাই হয়ে আছে গ্র্যান্ড স্লামে ফ্রান্সের শেষ সুখস্মৃতি। ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে বারতোলি জিতে গেলে সেখানে থাকবে মরেসমোরও অবদান। বাবা ওয়াল্টারকে সরিয়ে মরেসমোকে কোচ করার পরই যে ফর্ম ফিরে পেয়েছেন ২০০৭ উইম্বলডন ফাইনালিস্ট বারতোলি। ছয় বছর আগের সেই স্মৃতি এবার আর ফিরিয়ে আনতে চান না বারতোলি, ‘আমি কিছু কঠিন সময় পার করেছি, তবে প্রতিবারই কঠোর অনুশীলন ও আত্মবিশ্বাসের কারণে ফিরে এসেছি। আমার মনে হচ্ছে এই দৃষ্টিভঙ্গির পুরস্কার আমি পাবই এবং সেটা এই বছরই।’

লিসিকিরও আছে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। ২০১০ সালে চোটে পড়ে ক্যারিয়ারটাই প্রায় শেষ হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান ওয়েলসে গোড়ালির চোটে পড়ে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হয়েছে মাসের পর মাস। ওয়াইল্ডকার্ড নিয়ে ২০১১ উইম্বলডনে খেলতে এসেই অবশ্য হইচই ফেলে দিয়েছিলেন লিসিকি। উঠে গিয়েছিলেন সেমিফাইনালে। ক্যারিয়ারের সেই কঠিন সময়টাই যেন তৈরি করেছে আজকের লিসিকিকে। ২৩ বছর বয়সীর কাছে আজও অনুপ্রেরণা ওই ঘটনা, ‘আমি সব সময়ই বিশ্বাস ধরে রাখি। যা-ই ঘটুক না কেন। আমি এখনো মনে করতে পারি ডাক্তার বলেছিল ছয় সপ্তাহ আমাকে ক্রাচে ভর করে হাঁটতে হবে। ওই সময়টা আমাকে মানুষ ও খেলোয়াড় হিসেবে অনেক শক্তিশালী করেছে। আবার হাঁটতে শেখার পর থেকে আমি জানি যেকোনো কিছুই ঘটা সম্ভব।’ সেটা সম্ভব বলেই ছোটবেলাতেই উইম্বলডনের প্রেমে পড়া লিসিকি আজ দাঁড়িয়ে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে, সেই উইম্বলডনেই।