ফরাসিদের নতুন লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকলে বড় লজ্জায় পড়ে যেতেন জুলে রিমে। শুধু জুলে রিমে কেন, বোঁদলেয়ার থেকে শুরু করে ভিক্টর হুগো, আলেক্সান্দার দ্যুমা—সবারই তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার কথা! শিল্পের জন্য, রেনেসাঁর জন্য, সৃজনশীলতার জন্য খ্যাতি যে ফরাসিদের, সেই ফরাসিদের লজ্জায় ডোবালেন নিকোলাস আনেলকা!একদিন এক ফরাসি জুলে রিমের মাথা থেকে বেরিয়েছিল বিশ্বকাপের চিন্তা। ৮০ বছর পর আরেক ফরাসি আনেলকা কুৎসিত ভাষায় কোচকে গালিগালাজ করে বহিষ্কৃত হলেন সেই বিশ্বকাপের দল থেকে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে জানিয়ে দেওয়া হলো, ‘মেনে নেওয়ার অযোগ্য’ কথাবার্তা বলা আনেলকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিলেন তাঁরা। আনেলকা সে অনুরোধ প্রত্যাখ্যান করায় ফেডারেশন ও দলের সবাই মিলে তাঁকে বিশ্বকাপ দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন।মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচে হেরে ফ্রান্স প্রথম পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে, সেই ম্যাচেরই ঘটনা। পত্রিকার খবর অনুযায়ী, খেলার প্রথমার্ধে আনেলকাকে যে পজিশনে খেলতে বলেছিলেন কোচ রেমন্ড ডমেনেখ, তিনি মোটেও সেখানে খেলছিলেন না। বিরতির সময়ে কোচ এ ব্যাপারে ব্যাখ্যা চাইলে আনেলকা অযোগ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ফরাসি পত্রিকা লেকিপ দাবি করেছে, ‘যাও...করো গিয়ে, অমুকের বাচ্চা কোথাকার’ বলে গালি দিয়েছিলেন আনেলকা। যদিও আনেলকা এই সংবাদ প্রকাশের পরপরই দাবি করেছিলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, পত্রিকায় যা ছাপা হয়েছে, সেটা মোটেও আমার কথা নয়।’ কিন্তু এই দাবিতে চিঁড়ে ভেজেনি। ঘটনা খতিয়ে দেখতে গিয়ে আনেলকার বিপক্ষেই তথ্য পেয়েছে এফএফএফ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এফএফএফের জন্য, ফ্রান্সের ফুটবলের জন্য এবং আমরা যে মূল্যবোধ নিয়ে চলি তার জন্য আনেলকার এই কথাবার্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধিনায়ক প্যাট্রিস এভরার উপস্থিতিতে এফএফএফ সভাপতি জাঁ পিয়েরে এসকালেত্তেস নিজে নিকোলাস আনেলকাকে ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু এই খেলোয়াড় প্রকাশ্যে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোয় কোচ, খেলোয়াড়েরা, এফএফএফ এবং দলের কর্মকর্তারা মিলে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।’সিদ্ধান্ত অনুযায়ী, শনিবারই দলের বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার কথা আনেলকার। সেদিনই ফেরত যাওয়ার কথা দেশেও। একদিকে দল ডুবছে, আরেকদিকে সতীর্থের এই শোচনীয় বিদায়—সব মিলিয়ে দারুণ বিপাকে পড়েছেন অধিনায়ক প্যাট্রিস এভরা। আনেলকার বিদায়ের কথা ভেবে বলছেন, ‘ও খুব কষ্ট পাচ্ছে। কারণ, আসলে ও তো ফ্রান্স দলকে প্রচণ্ড ভালোবাসে।’আবার সেই এভরাই বলছেন, ‘ওর এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এভরাই বলেছেন, আনেলকার গালাগালি করার ঘটনাটা সত্যি, ‘আমরা মিথ্যে বলব না, রিপোর্টার কিছু বানিয়ে লেখেননি।’কিন্তু সব মিলিয়ে এভরার রাগ আনেলকার ওপর নয়। আনেলকা অন্যায় করেছেন, কিন্তু অন্যায়টা দুনিয়ার সামনে ফাঁস করে দিল কে? সেই লোকটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন এভরা, ‘সমস্যা শুধু আনেলকা নয়। বিশ্বাসঘাতক আসলে আমাদের মধ্যেই কেউ একজন। সেই লোকটিকে খুঁজে বের করে করতে হবে। লকার রুমে (যেখানে আনেলকা গালিগালাজ করেছেন) বাইরের একটা ইঁদুরও ছিল না। তার মানে, দলকে ক্ষতিগ্রস্ত করতে চায় এ রকম কেউ কথাটা বাইরে বের করে দিয়েছে।’তাহলে কে সেই বিশ্বাসঘাতক? তার নামও কি বেরোবে? এক বিশ্বকাপে আর কত ধাক্কা খাবে ফ্রান্স! এএফপি, রয়টার্স।