ফলস স্টার্ট আর আতঙ্ক নয়
চোখের পলকে ১০০ মিটার শেষ করে নিজস্ব ভঙ্গিমায় তির ছুড়ছেন—উসাইন বোল্টের ওই ছবিটা দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু গত দেগু বিশ্ব চ্যাম্পিয়নশপে দেখা গিয়েছিল অন্য ছবি। দৌড় শুরুর আগেই হতাশায় মুখ ঢাকতে হয়েছিল বোল্টকে। ডিসকোয়ালিফাইড হয়েছিলেন ফলস স্টার্ট করে! বোল্টসহ বিশ্বের তাবৎ স্প্রিন্টারদের জন্য সুখবর, ফলস স্টার্টের নিয়ম কিছুটা শিথিল করেছে আইএএএফ (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশন)।নার্ভাস হয়ে মুহূর্তের ভুল বা অসতর্কতায় ডিসকোয়ালিফাইড হয়ে স্বপ্ন ভঙ্গের ঘটনা কম নেই ইতিহাসে। স্টার্টিংয়ে অতিসতর্কতা অনেকের স্বাভাবিক দৌড়েও প্রভাব ফেলে। অনেক সময় স্টার্টারের ভুলেও অনেককে ডিসকোয়ালিফাইড হতে হয়েছে। অ্যাথলেট ও দর্শকের কথা ভেবে তাই নিয়মটা শিথিল করল আইএএএফ। সামান্য কোনো ঝাঁকুনি-কাঁপুনিতে এখন আর ডিসকোয়ালিফাইড করা হবে না। নতুন নিয়মের ব্যাখ্যা দিয়েছেন আইএএএফের টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ডেভিড কাতজ, ‘মোদ্দা কথা হলো, যতক্ষণ না একজন অ্যাথলেট ট্র্যাক থেকে হাত তুলছে বা স্টার্টিং ব্লক থেকে পা সরাচ্ছে, ততক্ষণ সে ডিসকোয়ালিফাইড হবে না। এই দুটো পরিস্থিতি ছাড়া অন্য কিছুই ফলস স্টার্ট না।’তবে কোনো অ্যাথলেটের নড়াচড়া যদি বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ইভেন্ট শুরু হতে দেরি হয়, তাহলে তাঁকে প্রথমে সতর্ক করা হবে। এরপরও না থামলে ডিসকোয়ালিফাইড করা হবে। বিশ্বজুড়ে স্প্রিন্টাররা স্বাগত জানিয়েছেন আইএএএফের এই সিদ্ধান্তকে। সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানব টাইসন গে বলছেন, ‘অনেকেই এখন নিজেদের নিরাপদ ভাববে, আত্মবিশ্বাস বাড়বে।’ স্প্রিন্ট ইতিহাসের সবচেয়ে আলোচিত ফলস স্টার্টের জন্মদাতা সম্ভবত জন ড্রামন্ড। ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড করা হয়েছিল এই আমেরিকানকে। ‘ফলস স্টার্ট করিনি, স্টার্টার ভুল করেছে’ দাবি করে ১৫ মিনিট ধরে ট্র্যাকে শুয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ড্রামন্ড। রয়টার্স।