ফলাফলই যখন শেষ নয়
পাতানো খেলার অভিযোগ তাড়া করছে পেছন থেকে। সেটিকে একপাশে রেখে আজ বাংলাদেশ লিগ জয়ের উৎসব করতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এ এক নতুন ঘটনা। শেখ জামাল আজ ব্রাদার্সের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন, কিন্তু তাদের উৎসবটা প্রাণখোলা হবে কি? ১১ জুন রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচ পাতানো ছিল বলে ওঠা অভিযোগের তদন্ত যে শেষ হয়নি!বাংলাদেশ লিগ কমিটি শেখ জামাল ও রহমতগঞ্জকে ডেকে জেরা করেছে। কমিটি শিগগিরই রিপোর্ট দেবে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে। সেই রিপোর্টের ভিত্তিতে কী হবে পরবর্তী সিদ্ধান্ত, সেটার ওপরই ঝুলে থাকবে চ্যাম্পিয়নশিপ। তবে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কাগজে-কলমে শেখ জামালকে চ্যাম্পিয়ন বলতে বাধা নেই। অবশ্য যদি আজ তারা হেরে না বসে।লিগ কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল সেটিই বললেন কাল, ‘পাতানো খেলার অভিযোগের ব্যাপারে বাফুফে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে গেলে তাদের চ্যাম্পিয়ন বলতে বাধা নেই।’দেখার বিষয়, বাফুফে কী সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশ লিগ কমিটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো ছিল—এমন আলামত তারা পেয়েছে ম্যাচের ভিডিও দেখে। বাফুফের সভাপতিকে দেওয়া রিপোর্ট সেটি স্পষ্ট করেই জানানো হবে। তারপর রিপোর্ট উপস্থাপন করা হবে বাফুফের নির্বাহী কমিটিতে, সেখানেই যা হওয়ার হবে।বাইলজ অনুযায়ী, পাতানো খেলা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি লিগ থেকে বহিষ্কার। এ ছাড়া পয়েন্ট কর্তন এবং আর্থিক জরিমানার বিধানও আছে।সামনে কী হবে, সেটি নিয়ে অবশ্য ভাবছে না শেখ জামাল। আজ অন্তত ড্র করে হলেও শিরোপা উৎসবটাকে কীভাবে বর্ণিল করা যায়, সেটি নিয়েই তারা বেশি ব্যস্ত। গত ম্যাচের মতো আজও ক্লাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় কয়েক হাজার লোক নিয়ে আসা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। থাকবে বাদক দলও। এ নিয়ে বিপুল প্রস্তুতির খবরও দিল ক্লাব সূত্র।অধিনায়ক আমিনুলও বললেন, ‘এই ম্যাচটা জিতেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়নশিপ উদ্যাপনের জন্য একটা ক্লাব যা যা করে, সবই আমরা করব।’ পাতানো খেলার অভিযোগের ব্যাপারে তাঁর মন্তব্য, ‘এটা তো আমাদের দেখার বিষয় নয়। এসব নিয়ে কিছু ভাবছিও না। আমরা মাঠে যাব এবং জিতে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করব।’লিগটা ২২ ম্যাচের, শেখ জামাল ২১ ম্যাচে পেয়েছে ৫০ পয়েন্ট। মুক্তিযোদ্ধা ২২তম ম্যাচটা জিতলে তাদের পয়েন্টও হবে ৫০। শেখ জামাল আজ হেরে গেলে এবং মুক্তিযোদ্ধা শেষ ম্যাচ জিতলে শিরোপা নির্ধারণের জন্য বাইলজ অনুযায়ী দুই দলের মধ্যে হবে প্লে-অফ। তবে রানার্সআপের ক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে গোল গড়।হিসাব-নিকাশ থাকবেই। তবে পাতানো খেলার আলোচনা এবার জোরালোভাবে সামনে চলে আসায় চতুর্থ বাংলাদেশ লিগটা অন্য রকমই হয়ে গেল। পাতানো খেলার অভিযোগ আগেও ছিল। কিন্তু বিচার দূরে থাক, তদন্তই করা হয়নি কখনো। এবার সেটি হচ্ছে বলেই আজ শেখ জামাল ‘চ্যাম্পিয়ন’ হয়ে গেলেও সেটার স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।