আহমেদাবাদ টেস্টে ভারতীয় স্পিন আক্রমণে পর্যুদস্ত ইংল্যান্ড। ভারতের ৫২১ রানের পাহাড় ডিঙাতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার ঘূর্ণিতে ফলোঅন এড়াতে পারেননি ইংলিশ ক্রিকেটাররা। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান সংগ্রহ করে আজ তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। তবে এখনো ভারত এগিয়ে আছে ২১৯ রানে। ভারতের পক্ষে ৪৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন ওঝা।আজ তিন উইকেটে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় সেশনেই ১৯১ রানে গুটিয়ে যায় কুক বাহিনী। মাত্র ৯৭ রানে ৭ উইকেট হারানোর পর আরও কম রানে ইনিংস শেষ হওয়ার আশঙ্কায় ছিল ইংলিশ শিবির। কিন্তু ইনিংসের শেষপর্যায়ে ম্যাট প্রিয়রের ৪৮ ও স্টুয়ার্ট ব্রডের ২৫ রানের লড়াকু ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৯১ রান যোগ করতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ১১১ রান করে আজ দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও অভিষিক্ত নিক কম্পটন। ৭৪ রান করে অপরাজিত আছেন কুক। তবে ভারতের চেয়ে এখনো ২১৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।