ফলোঅনের মুখে একাডেমি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইল হোপ শেষ পর্যন্ত থেমেছেন ২১৭ রানে। আর বিসিবি একাডেমি দলের সবাই মিলে হোপকে ছুঁতে পারেন কি না, এই প্রশ্ন নিয়ে শেষ হয়েছে তৃতীয় দিন। যে উইকেটে রান-বন্যা বইয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা, সেখানেই একের পর এক উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় একাডেমি দল। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ২৭ ওভার, কাল হলো ৭০ ওভার। তার পরও একাডেমি দলকে ঘিরে ধরেছে হারের শঙ্কা।হোপের ডাবল সেঞ্চুরির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স দলে ছিল একটি সেঞ্চুরি ও আরেকটি প্রায়-সেঞ্চুরি (৯৭)। বিসিবি একাডেমির কেউ করতে পারেননি পঞ্চাশও। প্রথম পাঁচ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক, কিন্তু সর্বোচ্চ মাত্র ৪৬, অধিনায়ক মাহমুদুল হাসানের।ক্যারিবিয়ান দলটি ইনিংস ঘোষণা করেছে কাল আর ৪ ওভার খেলেই। ১০টি প্রথম শ্রেণীর ম্যাচে যাঁর মোটে একটি ফিফটি, সেই হোপ ২১৭ করেছেন ২৫৯ বলে। বাঁহাতি স্পিনার শাকের নিয়েছেন ৫ উইকেট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ এইচপি ১ম ইনিংস: ৫৩৪/৯ (ডিক্লে.)। বিসিবি একাডেমি ১ম ইনিংস: ১৮৪/৭ (সৌম্য ২২, মিজানুর ১৮, এনামুল ২৬, মমিনুল ৩২, মাহমুদুল ৪৬, সাব্বির ৩, শাকের ৬*, ডলার ৯, মুক্তার ১৬*; ভীরাসামি ৩/৬৯, ব্রাফেট ২/২২)