ফাঁসলেন হ্যাভেলাঞ্জ-টিসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিল তাঁর বিরুদ্ধে। সাবেক ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জের বিরুদ্ধে এবার প্রমাণিত হলো প্রায় ১৫ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ। গত বুধবার সুইস আদালতের জারি করা এক প্রজ্ঞাপনে এমনটাই বলা হয়েছে। শুধু হ্যাভেলাঞ্জই নন, একই অভিযোগে অভিযুক্ত তাঁর সাবেক জামাতা ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্ডো টিসেরা। তাঁর অঙ্কটা অবশ্য আরও বড়—১ কোটি ৩০ লাখ ডলারের কাছাকাছি। হ্যাভেলাঞ্জ ব্রাজিল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বাবদ আইএসএলের (ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যান্ড লেইজার) কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছিলেন, ২০১০ সালেই বিবিসির এক প্রামাণ্যচিত্রে দেখানো হয় সেটা। এত দিন এটা নিয়ে তদন্ত চলছিল। সেই তদন্তের ওপর ভিত্তি করে এবার আনুষ্ঠানিক রায় দিলেন সুইস আদালত। তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফা দুর্নীতির ব্যাপারটা আগে থেকেই জানত। রায় ঘোষণার পর হ্যাভেলাঞ্জ বা টিসেরার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ ২৪ বছর ফিফার সভাপতি ছিলেন হ্যাভেলাঞ্জ, ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও। গত ডিসেম্বরে অভিযোগ মাথায় নিয়ে অলিম্পিক কমিটি থেকে পদত্যাগ করেন। আর টিসেরা ১৯৮৯ থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। দুর্নীতির অভিযোগের পর এ বছরই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ, ২ বছর পর রিও ডি জেনিরোতে অলিম্পিক, ব্রাজিলের ক্রীড়াজগতের দুই পুরোধার অর্থ কেলেঙ্কারি দেশটার জন্য বড় এক ধাক্কাই। এফপি, রয়টার্স।