ফাইনাল খেলতে চাই: রাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পাঁচ-ছয় মাস দুঃস্বপ্নের মতো কেটেছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। প্রথমে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়ে শুরু। ভারতে গিয়ে শোচনীয় সব পরাজয়। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে আত্মবিশ্বাস হারিয়ে খোঁজা—সবই ঘটেছে দেশটির ক্রিকেটে। সময়টা এমন ছিল, যখন নিজেদের ক্ষমতার প্রতিই বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিউই ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলতে এসে ধীরে ধীরে নিজেদের ফিরে পাওয়া শুরু তাঁদের। কী আশ্চর্য! ভয়াবহ বিপর্যয়ের মধ্যে থাকা নিউজিল্যান্ডই এখন সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে। আর মাত্র দুটো ম্যাচ। তার পরই বিশ্বকাপ শিরোপার অনন্য সম্মাননা। নাহ, এখনই এতটা ভেবে ফেলতে চান না নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে দলটির বিপদের কান্ডারি কোচ জন রাইট মনে করেন, বিশ্বকাপ ফাইনালে খেলার সব ক্ষমতাই রয়েছে ব্ল্যাক ক্যাপসদের।‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়টা সত্যিই দারুণ। এই জয় নিউজিল্যান্ডের ক্রিকেটকে ফিরিয়ে দিয়েছে তার হারানো আত্মবিশ্বাস। আমরা বাকি ম্যাচেও ভালো খেলতে চাই। লক্ষ্যটা খুবই সাধারণ, মৌলিক ব্যাপারগুলো ঠিক রেখে ভালো ক্রিকেট খেলা। দলের প্রত্যেক খেলোয়াড়ই জানে, তারা কতটা কী করতে পারে।’ টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে এমন কথাই বলেছেন জন রাইট।নিউজিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার পরাজয়কে অনেকেই দেখছেন প্রোটিয়াদের বড় ম্যাচ জয়ের অক্ষমতা হিসেবে। ব্যাপারটি ঠিক সেভাবে দেখতে রাজি নন জন রাইট। তিনি মনে করেন, এই জয়ের সব কৃতিত্ব নিউজিল্যান্ডের খেলোয়াড়দের। এই জয় বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর সবাইকে আত্মবিশ্বাসে বলীয়ান করেছে।রাইট বলেন, ‘কোয়ার্টার ফাইনালে প্রাথমিক বিপর্যয়ের পর জেসি রাইডার ও রস টেইলরের মধ্যকার ১১৪ রানের জুটিই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছে। জুটিটি ছিল দারুণ। একটা সময় মনে হচ্ছিল, আমাদের ইনিংস খুব অল্প রানে শেষ হয়ে যাবে। রাইডার ও টেইলরের এই জুটিই আমাদের ম্যাচে ফিরিয়েছে। তার পরও ২৪০ রানের বেশি করার সামর্থ্য আমাদের ছিল। কিন্তু দিনের শেষে ২২১ রানই ম্যাচজয়ী প্রমাণিত হয়েছে।’একটা সময় ভারতের কোচ ছিলেন জন রাইট। ভারতীয় ক্রিকেটের খোলনলচে পালটে দেওয়ার ক্ষেত্রে তাঁর সবচেয়ে বেশি অবদান বলে মনে করেন অনেকেই। নিউজিল্যান্ডের ক্রিকেটের বাজে সময়ে দায়িত্ব নেওয়া এই সাবেক ব্যাটসম্যান বলেন, ‘কোচিংয়ের ব্যাপারটি সব সময় একই রকম। ভারতের কোচ থাকার সময়ও আমি সব সময় দলের জয় নিয়ে ভাবতাম। চিন্তা করতাম, কীভাবে দলকে আরও বেশি ম্যাচ জিততে সহায়তা করা যায়। নিউজিল্যান্ডের কোচ হয়েও আমার ভূমিকার খুব একটা পরিবর্তন হয়নি।’ক্রিকেট নিয়ে সহজভাবে চিন্তা করাটাই জন রাইট নিজের সাফল্যের মূল মন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের সব সময় বলি, সহজভাবে চিন্তা করো। তোমার নিজের পুরোটা উজাড় করে দাও, সাফল্য অবশ্যই পায়ে লুটিয়ে পড়বে।’বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের পারফরম্যান্স নিয়ে এখনো খুশি হতে পারছেন না রাইট। তাঁর মতে, ‘ব্রেন্ডনের আরও অনেক ভালো খেলার ক্ষমতা রয়েছে। আশা করছি, আসল সময়ই সে জ্বলে উঠবে।’