ফাইনাল ছাপিয়ে মাসুদের বিদায়
রাজশাহীর কাছে এই ম্যাচের আবেদন দুই রকম। একে তো জাতীয় লিগের চার দিনের ম্যাচে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি, অন্যদিকে এই ম্যাচ খেলেই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন খালেদ মাসুদ। রাজশাহী চায় শিরোপাটা খালেদ মাসুদকে উৎসর্গ করতে।রাজশাহীর মতো বিদায়ের বিউগল বাজছে না ঢাকা শিবিরে। তবে শিরোপা তারাও চায়। আসলে তাদের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। ওয়ানডেতে চ্যাম্পিয়ন হওয়ার পর ঢাকার লক্ষ্য এখন চার বছর পর আবার চার দিনের ম্যাচের শিরোপা জয়ের স্বাদ নেওয়া।জাতীয় লিগের ফাইনাল ঘিরে কাল সকাল সকালই দারুণ ব্যস্ত হয়ে উঠল বিসিবির একাডেমি মাঠ। সকাল আটটা থেকে ঢাকার অনুশীলন। প্রচণ্ড গরমে অনুশীলন-ক্লান্ত ঢাকার ক্রিকেটাররা যখন তরমুজ-আনারস খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন, ততক্ষণে নিজের দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন রাজশাহীর কোচ কাম অধিনায়ক খালেদ মাসুদও। এবারের লিগে অবশ্য তিনি শুধু রাজশাহীর শুরু আর শেষটাতেই থাকলেন। প্রথম ম্যাচের পরের ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকলেও পাঁচ দিনের ফাইনালে তাঁকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা। ফাইনাল শেষে তারা বিদায়ী সংবর্ধনাও দেবে ১৩ বছরেরও বেশি সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।চার দিনের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন রাজশাহী দল হিসেবে এখন প্রায় অপ্রতিরোধ্য। এবার তো ফাইনালের আগে একটা ম্যাচও হারেনি ৮ ম্যাচে ৯৬ পয়েন্ট পাওয়া দলটা! রাজশাহীকে এই জায়গায় আনতে মাসুদের আছে বড় ভূমিকা। তবে তিনি নিজে মনে করছেন সরে যাওয়ার এটাই সময়, ‘অনেক তো হলো। ইচ্ছা ছিল রাজশাহীর ক্রিকেটকে একটা ভালো জায়গায় দেখে যাব। সেটা হয়েছে।’ খেলা ছাড়লেও রাজশাহীর ক্রিকেট উন্নয়নে কাজ করে যাওয়ার ইচ্ছা মাসুদের। ইচ্ছা আছে কোচিং পেশায় আরও ভালোভাবে জড়ানোর।শেষ ম্যাচে অধিনায়ক হিসেবেই খেলবেন মাসুদ, হাতে পাচ্ছেন সেরা দলই। ফাইনালে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, শফিউল ইসলাম ও মোহাম্মদ সোহরাওয়ার্দী খেলবেন রাজশাহীর হয়ে। ঢাকাকে শক্ত প্রতিপক্ষ মেনেও তাই নিজেদেরই ফেবারিট বলছেন মাসুদ, ‘লিগে ভালো খেললেও জাতীয় দলের খেলোয়াড়েরা আসায় অনেক ভালো পারফরমারকে ফাইনালে বসিয়ে রাখতে হবে। তবে আমরা সেরা দলই পাচ্ছি।’ ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ছাপিয়ে খেলোয়াড়দের ইতিবাচক মানসিকতাকেই দলের বড় শক্তি মানছেন অধিনায়ক, ‘দলটা মানসিকভাবে খুব শক্ত, আমাদের টিম স্পিরিট ভালো। এটাই সবচেয়ে বড় শক্তি টিম রাজশাহীর।’ রাজশাহী ‘শক্তিশালী’ উইকেট কিপিংয়েও। মাসুদ ছাড়াও উইকেটের পেছনে দাঁড়াতে পারেন এমন ক্রিকেটার আছেন তিনজন—মুশফিকুর, ধীমান ঘোষ ও জহুরুল ইসলাম! মুশফিকুরকে অবশ্য কাল ‘হাই ক্যাচ’ প্র্যাকটিস করতেই বেশি দেখা গেল। পুরো লিগের মতো এই ম্যাচেও কিপিং করবেন ধীমান। চার দিনের ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন ঢাকা সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৬-০৭ মৌসুমে। অধিনায়ক মোহাম্মদ শরীফ এবার পুনরুদ্ধার করতে চান হারানো গৌরব, ‘অনেক দিন পর আবার আমাদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। লিগে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরাই শিরোপা জিতব ইনশাআল্লাহ।’ মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ যোগ হওয়ার পর দলের ব্যাটিংটাকেই মূল শক্তি বলছেন শরীফ। তবে ইনজুরির কারণে শুভাগত হোম খেলবেন না ফাইনালে, স্বীকার করলেন এই অপূর্ণতার কথাও। ইনজুরিতে পড়েছেন লেগ স্পিনার নূর হোসেনও। কোচ ওয়াহেদুল গণির আফসোসটা তাঁর জন্যই বেশি। শুভাগত ও নূর হোসেন দুজনই ইনজুরিতে পড়েছেন দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে সিরিজে। লিগ পর্বে ৮ ম্যাচে ৮০ পয়েন্ট ঢাকার, পরাজয় একটি।শক্তির পাল্লায় দুই ফাইনালিস্টই যখন প্রায় সমান-সমান, ফাইনালের মূল চরিত্র হয়ে উঠতে পারে উইকেটও। ঘাসে ঢাকা সবুজ উইকেট বিছানো হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেটাকে বলা হচ্ছে ‘স্পোর্টিং উইকেট’। এমন উইকেটকে উভয় দল স্বাগত জানালেও অনুচ্চারে একটা আশঙ্কাও আছে—ফাইনালটা পাঁচ দিন গড়াবে তো?