আজই বিশ্বকাপের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হয় স্পেন আর জার্মানি, সেটি ফাইনাল নয় তো কী? এই টুর্নামেন্টে সবচেয়ে সেরা আর ধারাবাহিকভাবে উন্নতি করা দল জার্মানি। আর স্পেন তো ইউরোপ চ্যাম্পিয়ন। দলের অর্ধেকেরও বেশি ফুটবলার বার্সেলোনার। ওদের মাঝমাঠ এখন বিশ্বের সেরা। দুর্দান্ত একটা ম্যাচই হবে আজ।আর্জেন্টিনার বিপক্ষে জার্মানি জিতবে —সে আমি এই কলামেই লিখেছিলাম। আমার পূর্বানুমান লেগে যাওয়ার পরও কিন্তু আমি বিস্মিত। ওরা ম্যাচটা এত সহজে জিতবে, এটা আমি ভাবতেই পারিনি। কৌশলগত দিক দিয়ে এই ম্যাচে জার্মানি ছিল দুর্দান্ত। মাঝমাঠের দখল ওরা নিজেদের হাতেই রেখেছে। ফলে মেসি, তেভেজ, হিগুয়েইন হয়ে পড়েছিল বিচ্ছিন্ন। আক্রমণাত্মক প্রতিপক্ষকেই পছন্দ করে জার্মানি। এর ফলে তারাও পাল্টা আক্রমণের সুযোগ পায়। যে দল আঁটোসাঁটো ফুটবল খেলে, রক্ষণের খোলসে ঢুকে থাকে তাদের বিপক্ষে খুব একটা সুবিধে করতে পারে না। সৌভাগ্যের ব্যাপার হলো, স্পেন আক্রমণাত্মক ফুটবলই খেলে, যেটা জার্মানির খেলার সঙ্গে মানানসই। তবে স্পেন কিন্তু সত্যিই দুর্দান্ত এক দল। জার্মানির এই দলটাও এখন বিশ্বের সেরা। অথচ এদের বয়সের দিকে তাকিয়ে দেখুন। সবাই তরুণ। অনেকেই হয়তো জানতে চাইবেন, কী রহস্য এই জার্মানির। সেই উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ছয় বছর আগে, যখন আজকের ইতালি-ফ্রান্সের মতো আমরাও এভাবে মাথা নিচু করে বাড়ি ফিরেছিলাম। আমরা ছিলাম হতাশায় ন্যুব্জ।কিন্তু সেটা একই সঙ্গে আমাদের ফুটবলের জন্য ছিল ইতিবাচক পথে যাত্রা শুরু। সেখান থেকেই আমরা ভিত্তি রচনা করেছিলাম ভবিষ্যতের। তখন যে চারাটি রোপণ করা হয়েছিল, এখন সেটিই ফল দিতে শুরু করেছে। জার্মান ফুটবল সব সময়ই গড়ে তোলা হয়েছে শৃঙ্খলা, সমন্বয় আর কার্যকারিতাকে প্রাধান্য দিয়ে। জার্মানরা মাঠে ভুল করত কম। আর সাধারণত ফুটবল মাঠে একটা দল হারে নিজেরা ভুল করার কারণে। ফুটবল অবশ্য এখন আর এক জায়গায় আটকে নেই। এই বদলে যাওয়া সময়ে সম্ভবত জার্মান ফুটবলের ধরন আর আগের মতো যথেষ্ট কার্যকর ছিল না। ইংলিশরা খেলে খুবই দ্রুতগতিতে, অন্যদিকে স্পেনের খেলায় থাকে বৈচিত্র্য, নৈপুণ্য। জার্মানরা এই দুই ধরনের বৈশিষ্ট্যই যোগ করেছে নিজেদের খেলায়। ফলে এখন আমাদের খেলা অনেক বেশি পরিস্থিতির সঙ্গে মানানসই। জার্মান দলের মৌলিক যে বৈশিষ্ট্য—কার্যকারিতাকে প্রাধান্য দেওয়া, সেটা অক্ষুণ্ন রেখেই প্রথমে ইয়ুর্গেন ক্লিন্সমান দলটাতে আরও বেশি বৈচিত্র্য যোগ করেছেন। ক্লিন্সমানের সহকারী জোয়াকিম লোই এখন এই দলটার কোচ। দলটা ইংল্যান্ডের মতো গতি নিয়ে তো খেলতে পারেই, পাশাপাশি স্পেনের মতো বৈচিত্র্যও তাতে থাকে। ফলে দলটায় এখন একই সঙ্গে সৃষ্টিশীলতার পাশাপাশি আছে সমন্বয় আর শৃঙ্খলাও। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা এমন একটা দল গড়েছি, যেটি বহুমাত্রিক ফুটবল খেলে। যে দলে একই সঙ্গে গতি আছে, আছে শুদ্ধতা। এই দলটা আক্রমণাত্মক ঠিকই, কিন্তু একই সঙ্গে এটি ধরে রেখেছে তার রক্ষণাত্মক শক্তিটাও।এখন এই দলটা বিকশিত হচ্ছে। ইংল্যান্ডের মতো জার্মানিও এখন নিজেদের রক্ষণ থেকে দ্রুত বল নিয়ে আক্রমণে উঠে যায়। একই সঙ্গে স্পেনের মতো মাঝমাঠে বল চালাচালিও করে। পাশাপাশি এই দলটা মাঠে প্রতিপক্ষের রণকৌশলের সঙ্গে মিলিয়ে নয়, বরং নিজেদের কৌশলটাই ঠিক রেখে খেলে। ইংল্যান্ড আর আর্জেন্টিনা যেমন ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ আমাদের সামনে ছুড়ে দিয়েছিল। দুটো দলকেই কিন্তু আমরা দিয়ে দিয়েছি একই উত্তর।স্পেনের এই দলটা পেলে ইংলিশরা বলত তাদের ‘সোনালি প্রজন্ম’। আসলেই একই সঙ্গে এতগুলো প্রতিভাবান খেলোয়াড় পাওয়া বিস্ময়কর। ইনিয়েস্তা, জাভি, জাবি আলোনসো, বুসকেটস; এমনকি ফ্যাব্রিগাস আর সিলভা—মাঝমাঠে এতগুলো প্রতিভাবান মিডফিল্ডার পেয়েছে স্পেন। তোরেস-ভিয়া তো সত্যিকার অর্থেই বিশ্বমানের স্ট্রাইকার। ওদের ডিফেন্সও ভালো। আর ইকার ক্যাসিয়াস তো বিশ্বের এক নম্বর গোলরক্ষক। জার্মানির মতো স্পেন তাদের খেলার ধরন এতটা পাল্টায়নি। ওদের দলে বাড়তি যেটা যোগ হয়েছে, একসঙ্গে অনেকগুলো দুর্দান্ত খেলোয়াড়।স্পেন তাদের প্রতিভাবান খেলোয়াড়দেরই বেছে নিয়ে দল গড়েছে। আর জার্মানির বেলায় আমরা সেই সব খেলোয়াড়কে নিয়েছি, যারা নতুন ধরনটার সঙ্গে মানিয়ে খেলতে পারবে। পরিবর্তনটা সূচিত হয়েছিল অনূর্ধ্ব-২১ দলকে দিয়ে, জার্মানির ক্লাব আর ফেডারেশনও এতে সম্পৃক্ত ছিল। ফলে আমরা ওজিল, বোয়াটেং, বাডস্টুবার, মুলার, খেদিরাদের মতো তরুণ প্রতিভা পেয়েছি। এই খেলোয়াড়দের বিশেষ ধরনের এই খেলার ওপরই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর তাদেরই সেই প্রতিভা ও স্কিল ছিল এর সঙ্গে মানিয়ে নেওয়ার। এটা ছিল একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটার ফল এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমাদের খারাপ সময় গেছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি, এটাই আমাদের জন্য কার্যকর।স্পেনের সোনালি প্রজন্মের বিপক্ষে আরও একটি কঠিন পরীক্ষার সামনে আমাদের এই দলটা। কিন্তু এই দলটার মধ্যে সেই প্রতিভা আছে, আর পুরো জার্মান জাতিও তাদের ওপর আস্থাশীল।