ফাইনাল দেখছে উজ্জীবিত বাংলাদেশ
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল বিকেলে ভারতীয় যুব দল অনেকটা সময় অনুশীলনে ডুবে থাকল। গোটা স্টেডিয়াম নীরব। কিছু পুলিশ সদস্য অলস বসে। আর কেউ নেই। কিন্তু আজকের বিকেলে হতে পারে কোলাহলমুখর। উত্তেজনার খইও ফুটতে পারে। বিকেল তিনটায় এই মাঠেই যে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান যুব দল। এর আগে দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ-চীনা তাইপে প্রথম সেমিফাইনাল। হকি অঙ্গনের বিশ্বাস, বাংলাদেশ সহজেই তাইপের বাধা পেরিয়ে উঠে যাবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে।
বাংলাদেশ যুব দলের কোচ কাম ম্যানেজার কাওসার আলী নিরুদ্বেগ। এটা যেন গোটা বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি। ভারতীয় দল অনুশীলন শেষ করে বেরিয়ে যাওয়ার পথেই স্টেডিয়ামে আসা কাওসার আলীর প্রতিটি কথায় আত্মবিশ্বাসের ছাপ, ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমাদের ফাইনালে না ওঠার কারণ নেই। আমি তো খুবই আশাবাদী। তাইপে রক্ষণাত্মক খেলতে চাইবে। আর হকিতে রক্ষণাত্মক খেলা মানেই বিপদ।’ তাইপের এই যুব দলটি পাকিস্তানের সঙ্গে রক্ষণাত্মক খেলে ১৪ গোল খেয়ে সেটা ভালোই বুঝেছে।
এই টুর্নামেন্ট শুরুর আগে ঢাকায় প্রস্তুতি ম্যাচে তাইপের বিপক্ষে বাংলাদেশের ৮-১ গোলের জয়টাও রুমন-আশরাফুলদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। প্রতিযোগিতামূলক হকিতেও তাইপের বিপক্ষে জিতেছে বাংলাদেশ যুব দল। ২০০১ মালয়েশিয়ার ইপোতে প্রথম অনূর্ধ্ব-১৮ হকিতে ৩-১। ওই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ব্যাংককে ২০১২ এএইচএফ কাপ জেতার পথে তাইপেকে বাংলাদেশ হারায় ৪-২ গোলে।
এসব পরিসংখ্যান তো আছেই। এবার ঘরের মাঠে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে বাংলাদেশ বিশ্বাস করতে শুরু করেছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ওমানকে ১০-০ গোলে ভাসিয়ে অধিনায়ক রুমন সরকার তাই চোখ রাখছেন ফাইনালে, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে অবশ্যই জিতব, ইনশা আল্লাহ। কোনো ঢিলেমি দেব না। সেমিফাইনালে যেভাবে খেলা দরকার সেভাবেই খেলব।’
আর ফাইনালে? শিরোপার লড়াইয়ে বাংলাদেশ ভারত না পাকিস্তান, কাকে চায়? কাওসার আলীর ধারণা, ‘ভারতেরই ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। ওরা পাকিস্তানের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী।’ তবে মাঠে এই হিসাব নিশ্চয়ই উল্টে দিতে চাইবে পাকিস্তান যুব দল।