বোলার আইজাজ চিমার সঙ্গে ধাক্কা লেগেছিল মাহমুদউল্লাহর। তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ১ রান নিয়েই। নিয়ম অনুযায়ী, বোলার ইচ্ছাকৃতভাবে বাধা দিলে ৫ রান জরিমানা হওয়ার কথা
ফাইনাল নিয়ে বিসিবির প্রতিবাদ!
এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিযোগ সত্যি হলে, ২ বল আগেই জিতে যাওয়া উচিত ছিল বাংলাদেশের! শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে বোলার আইজাজ চিমার সঙ্গে ধাক্কা লেগেছিল মাহমুদউল্লাহর। তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ১ রান নিয়েই। নিয়ম অনুযায়ী, বোলার ইচ্ছাকৃতভাবে বাধা দিলে ৫ রান জরিমানা হওয়ার কথা। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভায় কাল আলোচনা হয়েছে ব্যাপারটি নিয়ে। ঘটনার ভিডিও ফুটেজসহ আইসিসি ও এসিসির কাছে পাঠানো হয়েছে, জানালেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন, ‘আম্পায়ার তখন মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিলেন বোলারকে। কিন্তু বোলার বাধা দিলে নিয়মানুযায়ী ডেলিভারিটি ডেড হওয়ার কথা, সঙ্গে পেনাল্টি ৫ রান। কালই ব্যাপারটি আমরা আইসিসি ও এসিসির কাছে অভিযোগ করেছি।’প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হলেও সভাটি ছিল মূলত বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ সূচি নিয়ে। আগস্টের জিম্বাবুয়ে সফরটি পিছিয়ে অক্টোবরে নেওয়ার অনুরোধ এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে। কিন্তু অক্টোবরে গেলে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না ঘরোয়া ক্রিকেটে। কালকের সভায় তাই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ যাবে আগের সময়েই, অর্থাৎ আগস্টে। তবে আগস্টে জিম্বাবুয়েতে তীব্র শীত থাকে, সেদিক থেকে হয়তো অক্টোবরই ভালো হতো বাংলাদেশের জন্য।তবে শীতের কথা চিন্তা করে জিম্বাবুয়ে সফরের প্রস্তুতির জন্য মে-জুনে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যাওয়ার কথা ভাবা হচ্ছে। সফর হলে চার দিনের ম্যাচের সঙ্গে থাকতে পারে ওয়ানডে-টি-টোয়েন্টিও। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘ডি’তে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টের আগে দুবাইতে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। বিসিবির ভাবনায় আছে, সম্ভব হলে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলাও। শ্রীলঙ্কা ক্রিকেটকে এ প্রস্তাব দেওয়া হবে। সভায় ছিলেন কোচ স্টুয়ার্ট ল-ও। জুন-জুলাইয়ে বাংলাদেশের আবহাওয়া অনুশীলনের উপযোগী থাকে না অনেক সময়ই। কোচের প্রস্তাব ছিল ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্প করার। তবে বেশি খরচের কথা ভেবে সেই প্রস্তাব আপাতত বিবেচিত হয়নি।