ফাইনাল নিয়ে বুফন
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগে খুব বেশি আলোচনায় ছিল না ইতালি। মূল আসর শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি আজ্জুরিরা। কিন্তু এখন সেই ইতালিই চলে এসেছে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো ইউরো শিরোপাটা হাতে নেওয়ার সুযোগ এসেছে ইতালিয়ান ফুটবলারদের সামনে। রেকর্ড গড়ার হাতছানি আছে ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফনের সামনেও। আজ স্পেনকে হারিয়ে শিরোপা জিততে পারলে ইতালির দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারবেন বুফন। এখন পর্যন্ত এ কাজটি করেছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ। ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে বুফন জানিয়েছেন এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে তাঁর নিজস্ব ভাবনা। কথা বলেছেন কোচ সিজার প্রান্দেলি, দলের রক্ষণভাগ ও ব্যক্তিগত সাফল্য অর্জনের হাতছানি সম্পর্কে।এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের স্বাদ পায়নি ইতালি। এরপর নক আউট পর্বে ইউরোপের অন্যতম সেরা দুই দল ইংল্যান্ড ও জার্মানিকে হারিয়ে এসেছে ফাইনালে। অধিনায়ক হিসেবে দলের এমন পারফরমেন্সে গর্ব বোধ করেন কি না, এমন প্রশ্নের জবাবে বুফন বলেছেন, ‘হ্যাঁ, আমরা খুবই খুশি। কারণ, এটা কিছুটা অপ্রত্যাশিত ফলাফল। আমরা এখানে এসেছিলাম অনেক সমস্যা নিয়ে। প্রস্তুতি পর্বের ম্যাচগুলোতেও আমরা ভালো করতে পারিনি। ফলে আমরা শঙ্কিত ছিলাম যে হয়তো টুর্নামেন্টটা খুবই বাজে কাটবে। কিন্তু কোচের সার্বিক তত্ত্বাবধানে আমরা দলের মধ্যে ভালো পরিবেশ তৈরি করতে পেরেছি। আর এ পর্যন্ত চলে এসেছি।’২০১০ সালে ইতালির কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিজার প্রান্দেলি। এর আগে বড় কোনো জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও ছিল না তাঁর ঝুলিতে। কিন্তু এই ইতালিয়ান কোচই পাল্টে দিয়েছেন দলের পারফরমেন্স। বুফনও ভূয়সী প্রশংসা করেছেন কোচের। বলেছেন, ‘তিনি খুবই চমত্কার কাজ করছেন। তিনি খুব কার্যকরীভাবে তাঁর চিন্তাভাবনাগুলো সবার মাঝে ছড়িয়ে দেন।’ফুটবল বিশ্বে বরাবরই প্রশংসা কুড়িয়েছে ইতালির রক্ষণভাগ। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপেও ইতালির ফাইনাল পর্যন্ত আসার পেছনে দলের রক্ষণভাগের একটা বড় অবদান আছে বলে মনে করেন বুফন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র তিনটি গোল হজম করেছে ১৯৬৮ সালের শিরোপাজয়ীরা। আর আজ স্পেনের বিপক্ষে ফাইনালেও রক্ষণভাগকে একটা বড় ভূমিকা পালন করতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন ইতালিয়ান অধিনায়ক। তিনি বলেছেন, ‘রক্ষণভাগে আমরা খুবই ভালো করছি। সব দলের ক্ষেত্রেই জয় পাওয়ার কাজটা শুরু হয় ভালো রক্ষণভাগ থেকে। এখন ফাইনালে আমাদের স্পেনের মুখোমুখি হতে হবে। এই ম্যাচেও তাদেরকে বেশি গোলের সুযোগ তৈরি করতে দেওয়া যাবে না। সম্ভব হলে কোনো গোলই খাওয়া যাবে না।’ইতিমধ্যেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও স্পেন। ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল এবারে ইউরোর দুই ফাইনালিস্ট। স্পেনকে এবারের প্রতিযোগিতার সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবেই স্বীকার করেছেন বুফন। তিনি বলেছেন, ‘আমাকে যদি ফাইনালের জন্য কোনো দলকে এড়িয়ে যেতে বলা হতো, তাহলে আমি নিশ্চিতভাবেই স্পেনের নাম বলতাম। দুর্ভাগ্যজনকভাবে তারা সবচেয়ে শক্তিশালী দল। আর ফাইনালে আপনাকে স্পেনের বিপক্ষেই খেলতে হবে, এটাও প্রায় অনিবার্য।’১৯৬৮ সালের পর আবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সুযোগ এসেছে ইতালির সামনে। আর সত্যিই কাজটা করতে পারলে ইতালির দ্বিতীয় গোলরক্ষক হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারবেন বুফন। আর এটাকে খুবই সম্মানের ব্যাপার বলে মনে করছেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি বলেছেন, ‘আমার জন্য এটা হবে অনেক কিছু। ইউরো ও বিশ্বকাপ জয় করতে পারাটা সত্যিই সম্মানের ব্যাপার। দেশের জন্য এটা খুবই আনন্দ বয়ে আনবে। এটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমরা তাদেরকে এই সর্বোচ্চ আনন্দটা দিতে পারি।’