এটা স্পিনারদেরই বিশ্বকাপ হয়ে যাচ্ছে নাকি! সুপার টেনে সর্বোচ্চ উইকেট-শিকারির তালিকাটা দেখুন। প্রথম আটের মধ্যে ছয়টি নামই তো স্পিনারদের। স্পিনই জেতাচ্ছে, স্পিনই হারাচ্ছে। আজ শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেমিফাইনালটাও কি তাহলে হতে যাচ্ছে আরেকটি স্পিন-লড়াই? উল্টো করেও ভাবা যায়। দুই দলের স্পিনারদের লড়াইটা তো আর সরাসরি হবে না। সেটি হবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সঙ্গে। যাঁরা স্পিন ভালো খেলবেন, শেষ হাসি হাসবেন হয়তো তাঁরাই। টাটকা উদাহরণ তো গত পরশুর ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচটাই।
একদিকে নারাইন-বদ্রি। অন্যদিকে হেরাথ-সেনানায়েকে। কে জানে, মিরপুরের স্পিন-স্বর্গে শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিসকেও নামিয়ে দেয় কি না! দুই দলেই ভালো স্পিনার পাল্টাপাল্টি এক ঘূর্ণি-ঝড়েরই আভাস দিচ্ছে আজ। এমনিতে স্পিনের বিপক্ষে উপমহাদেশীয় ব্যাটসম্যানদের দক্ষতা প্রবাদতুল্য। গত পরশু পাকিস্তানি ব্যাটিংয়ের যে ছিরি দেখা গেল, তাতে তাদের এর বাইরে রাখাই ভালো। বাকি থাকে ভারত আর শ্রীলঙ্কা। কেউ হয়তো ভারতকে এগিয়ে রাখেন, কেউ বা শ্রীলঙ্কাকে। তবে পরশুর ম্যাচটা কি অন্য একটা বার্তাও ছড়িয়ে দেয়নি? ব্রাভো-স্যামিদের ব্যাটিং দেখে বরং মনে হয়েছে, উপমহাদেশীয় কন্ডিশনে স্পিন ভালো খেলতে উপমহাদেশের দল হওয়ার দরকার নেই। সেটা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেও খেলা যায়।
চট্টগ্রামে শিশির বেশ ঝামেলা করেছে। বল ঘোরাবেন কী, ভালোভাবে বল ধরতেই হিমশিম খেতে হয়েছে স্পিনারদের! এই বিপত্তি জয় করেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়েছেন হেরাথ। মিরপুরের উইকেট সেটির চেয়েও স্পিনবান্ধব হবে কি না, সে নিয়ে কাল একটু সংশয়ই প্রকাশ করলেন শ্রীলঙ্কার কোচ পল ফারব্রেস, ‘আমি নিশ্চিত নই, চট্টগ্রামে সেদিন সন্ধ্যায় রঙ্গনা হেরাথ যে উইকেটটা পেয়েছিল, তার চেয়েও ভালো উইকেট এখানে পাবে কি না। সত্যি বলতে কি, টুর্নামেন্ট যত এগুচ্ছে উইকেট ততই মন্থর হচ্ছে। এমনকি চট্টগ্রামেও তাই ছিল, তবে আউটফিল্ডে শিশিরের কারণে বল ভিজে যেত।’ মিরপুরে অবশ্য শিশির আলোচনাতেই আসেনি কখনো।
ওয়েস্ট ইন্ডিজ সব ম্যাচ মিরপুরেই খেলেছে। শিশির-টিশির তাই মাথায়ই নেই ড্যারেন স্যামির। সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বরং টেনে আনলেন গত বিশ্বকাপের ফাইনাল আর এবারের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাকে, ‘আমরা ধারণা অবচেতনে হলেও গত বিশ্বকাপের ফাইনালটা মাথায় থাকবে। মাথায় থাকবে এবারের প্রস্তুতি ম্যাচটাও। কারণ ওরা জানে, ওয়েস্ট ইন্ডিজ যখন স্বরূপে দেখা দেয়, তখন তারা খুবই বিপজ্জনক।’
স্যামির আত্মবিশ্বাসের আরেকটা কারণ, ২০ ওভারের ক্রিকেটে অন্যদের তুলনায় নিজেদেরই বেশি দক্ষ আর অভিজ্ঞ মনে করে ওয়েস্ট ইন্ডিজ। দলে সাত-আটজন খেলোয়াড় আছেন যাদের বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। আর টি-টোয়েন্টি ক্রিকেটটা নাকি তাদের প্রাণেরও খেলা, ‘এই ফরম্যাটের খেলাটাকে ভালোবাসি আমরা। আমাদের ড্রেসিংরুমে যেসব খেলোয়াড় আছে, ওরাও সম্ভবত এই খেলা সঙ্গেই বেশি মানানসই।’
২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের নীতি ছিল—‘এক দল, এক লক্ষ্য। জিততে হবে বিশ্বকাপ।’ এবার সেটা একটু বদলে, ‘এক দল, এক লক্ষ্য। মিশন বিশ্বকাপ ধরে রাখার।’ অন্যদিকে শ্রীলঙ্কা যে দুই বছর আগে কলম্বোর ওই ফাইনাল ভুলে যেতে চাইবে, তা খুবই স্বাভাবিক। তারা প্রেরণা খুঁজছে আগের ম্যাচটি থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১১৯ রানে গুটিয়ে যাওয়ার পরও ৫৯ রানের দাপুটে জয় তো ‘আমরা সবকিছুই পারি’ আত্মবিশ্বাস জোগানোর মতোই। ফারব্রেস সেটি বললেনও, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা আমাদের জন্য বড় এক অনুপ্রেরণা। আমাদের মনে হচ্ছিল, রানটা ১৫-২০ কম হয়ে গেছে। কিন্তু বোলিং দিয়ে লড়াইয়ে ফিরে দারুণ এক ম্যাচ জিতেছি আমরা।’
সুপার টেন থেকে প্রেরণা খুঁজলে অবশ্য দুই দলের জন্যই সেটা সমানে সমান। চার ম্যাচ খেলে শ্রীলঙ্কা যেমন হেরেছে শুধু ইংল্যান্ডের কাছে, ওয়েস্ট ইন্ডিজও একটাই ম্যাচ হেরেছে ভারতের কাছে। দুই দলের টি-টোয়েন্টি ইতিহাস অবশ্য মজার একটা তথ্য জানাবে। বিশ্বকাপের বাইরে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি খেলেইনি! বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে শ্রীলঙ্কা। তবে ওয়েস্ট ইন্ডিজ বলতে পারে, তাদের একমাত্র জয়টিই মুছে দিয়েছে বাকি চার ম্যাচে পরাজয়ের দুঃখ। সেটি যে ছিল ২০১২-এর ওই ফাইনাল!