২০০৯ সালে এই উইম্বলডনের ফাইনালে উঠেই রেকর্ড করেছিলেন রজার ফেদেরার। পেছনে ফেলেছিলেন সবচেয়ে বেশি (১৯টি) গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা ইভান লেন্ডলকে। এবার ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে আরেকটি রেকর্ড করেছেন সুইস তারকা। ফাইনাল খেলার উইম্বলডন রেকর্ডটিও এখন ফেদেরারের। আজ অষ্টম ফাইনাল খেলতে যাওয়া ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক পেছনে ফেলেছেন ‘আদর্শ’ পিট সাম্প্রাস ও বরিস বেকারকে। উইম্বলডনে সাতটি ফাইনাল খেলে সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন সাম্প্রাস। উইম্বলডনের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন বেকারকে হারতে হয়েছিল চারটি ফাইনালে। ইউএস ওপেনেও সর্বোচ্চ আটটি ফাইনাল খেলেছেন ইভান লেন্ডল ও পিট সাম্প্রাস। ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ সাতটি ফাইনাল খেলে সাতটিতেই জিতেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ডটি ফেদেরার ও স্টেফান এডবার্গের। দুজনই খেলেছেন পাঁচটি ফাইনাল।