ফাইনালে অনিশ্চিত ডস সান্তোস
জাপানকে উড়িয়ে দিয়েই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের ফাইনালে মেক্সিকো। সোনা জয়ের পথে মেক্সিকোর সামনে বাধা এই মুহূর্তে শুধু ব্রাজিল। সুবিশাল এক অর্জনের সামনে দাঁড়িয়ে অবশ্য নির্ভার থাকতে পারছে না দলটি। গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইনজুরির শঙ্কা বেশ ভাবিয়ে তুলেছে তাদের। ইনজুরিতে আক্রান্ত দলের সেরা খেলোয়াড় জিওভান্নি ডস সান্তোস। দলকে ফাইনালে তুলতে যে খেলোয়াড়ের দুরন্ত অবদান, তাঁকে হারানোটা যে কত বড় ক্ষতি, সেটা খুব ভালোই বুঝতে পারছে মেক্সিকোর টিম ম্যানেজমেন্ট। তাই কোচ লুইস ফার্নান্দো তেনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাইনালের আগেই টোটেনহ্যামের এই উইঙ্গারকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে।অলিম্পিকে মেক্সিকোর ফাইনালে ওঠাটা এক প্রকার ডস সান্তোসের হাত ধরেই। তাঁর পা থেকেই এসেছে তিনটি গুরুত্বপূর্ণ গোল। জাপানের বিপক্ষে সেমির লড়াইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর ওই চোটটা যে ছোটখাটো নয়, সেটা জানিয়েছেন কোচ তেনা নিজেই। আরও বাজে ব্যাপার হলো, ডস সান্তোসের চোটের ভয়াবহতা নাকি এখনো নিরূপণ করতে পারেননি দলের ফিটনেস বিশেষজ্ঞরা। তেনা বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সান্তোস ইনজুরির কবলে পড়েছে। আমরা এখনো জানি না তার ইনজুরি কতটা গুরুতর। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর এটা বোঝা যাবে। কিন্তু এই মূহূর্তে তাকে নিয়ে সংশয় আছে।’ তেনার এই মুহূর্তের প্রাণের প্রার্থনা, সান্তোস যেন খেলার মতো অবস্থায় থাকেন।সেমিফাইনালে জাপানের বিপক্ষে দলের লড়াকু মানসিকতা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট কোচ। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েই দিয়েছেন তিনি। এই দলটির মানসিকতা নাকি তাঁর দারুণ লাগছে। মেক্সিকোর ইতিহাসে একটি ‘অন্য রকম দল’ হিসেবেই এবারের অলিম্পিক দলটিকে অভিহিত করেছেন কোচ ফার্নান্দো তেনা। তাঁর মতে, যে দলটি সব সময় সাফল্যের জন্য মুখিয়ে রয়েছে।’