ফাইনালে অস্ট্রেলিয়াও
ফাইনালের আগেই অস্ট্রেলিয়ার বিদায়ে একজন অস্ট্রেলিয়ানও যদি সামান্য একটু খুশি থাকেন, তিনি হতে পারেন সাইমন টোফেল। কারণ অস্ট্রেলিয়ার আগেভাগে বিদায়ই টোফেলের জন্য বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ এনে দিয়েছে। এই প্রথম কোনো অস্ট্রেলিয়ান আম্পায়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। টোফেলের সঙ্গে মাঠে নামবেন পাকিস্তানের আলিম দার। ইয়ান গোল্ড ও স্টিভ ডেভিস তৃতীয় ও চতুর্থ আম্পায়ার এবং জেফ ক্রো ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন।২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন অস্ট্রেলিয়ান সাইমন টোফেল। টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে যাওয়া আলিম দার গত দুই বছরের সেরা আম্পায়ার। এই বিশ্বকাপে রিভিউ নিয়ে অনেক বিতর্ক হলেও এই দুই আম্পায়ারের তেমন কোনো ভুল হয়নি বললেই চলে।বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে না পারায় একবার টোফেল মজা করে বলেছিলেন, ‘রিকি ও তার ছেলেরা বাদ পড়লেই শুধু আমি ম্যাচ (বিশ্বকাপ ফাইনাল) করার সুযোগ পেতে পারি।’ এবার অস্ট্রেলিয়া বাদ পড়েছে আর শেষ পর্যন্ত ৪০ বছর বয়সী টোফেলের সুযোগ হলো একটি স্বপ্ন পূরণের। ওয়েবসাইট।