ফাইনালে অ্যান্ডি মারে
লন্ডন অলিম্পিকের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে সোনা জিতেছেন অ্যান্ডি মারে। আর এবার ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম জয়েরও সুবর্ণ সুযোগ এসেছে এই ইংলিশ টেনিস তারকার সামনে। গতকাল ইউএস ওপেনের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে টমাস বারডিচকে ৫-৭, ৬-২, ৬-১, ৭-৬ (৯/৭) গেমে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন মারে।বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দেরিতে শুরু হয় ইউএস ওপেনের প্রথম সেমিফাইনাল। আর এই ঝোড়ো বাতাসের মধ্যেই পরবর্তী সময় কোর্টে নামতে হয়েছে মারে ও বারডিচকে। ক্যারিয়ারে এত কঠিন পরিস্থিতির মধ্যে আগে কখনোই খেলেননি বলে স্বীকার করেছেন মারে। প্রথম সেটটা ৫-৭ গেমে হেরে শুরুটাও ভালোমতো করতে পারেননি তিনি। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই ব্রিটিশ তারকা। ৬-২ ও ৬-১ ব্যবধানে জিতেছেন পরবর্তী দুটি সেট। তবে ফলাফল নির্ধারণী সেটটি জিততে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে অ্যান্ডি মারেকে। অবশেষে ৭-৬ (৯/৭) ব্যবধানে এই সেটটি জিতে প্রায় চার ঘণ্টার লড়াই শেষে জয়ের হাসিই হেসেছেন এই টেনিস তারকা। এই জয় দিয়ে রাফায়েল নাদালকে পেছনে ফেলে টেনিস র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানটি দখল করেছেন মারে। তবে এর চেয়েও বড় সাফল্যের হাতছানি আছে তাঁর সামনে। ফাইনালে জিততে পারলে এবারই প্রথমবারের মতো গ্রান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাবেন তিনি।এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে এসেছিলেন অ্যান্ডি মারে। সেবার রজার ফেদেরারের কাছে হেরে শেষ হয়েছিল তাঁর গ্রান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন। তারপর ২০১০ ও ২০১১ সালে টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন মারে। এ বছরের উইম্বলডনের ফাইনালেও তাঁর স্বপ্নযাত্রা রুখে দিয়েছিলেন ফেদেরার।এবারের ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচ বা ডেভিড ফেদেরারের মুখোমুখি হতে হবে মারেকে। রয়টার্স।