ফাইনালে আজ সেই ওমানই প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরুর আগে ধরে নেওয়া হয়েছিল, ফাইনাল খেলবে স্বাগতিক বাংলাদেশ-ওমান। সেই অনুযায়ীই এগুলো চিত্রনাট্য। বাংলাদেশ-ওমান প্রত্যাশিত ফাইনালই আজ সোয়া তিনটায়।
বাংলাদেশ-শ্রীলঙ্কা কালকের অলিখিত সেমিফাইনাল নির্ধারিত সময়ে ছিল ২-২। ২০ মিনিটে মাধুশাঙ্কারা এগিয়ে নেন শ্রীলঙ্কাকে, ৪৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ১-১ করেন মিমো। ৬৭ মিনিটে রাব্বি দর্শনীয় গোল করে স্বাগতিকদের এগিয়ে দিলেও শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোকে ২-২, গোলদাতা লাহিরু। বাজে খেলেও বাংলাদেশ পার পেয়েছে টাইব্রেকার-ভাগ্যে।
ম্যাচসেরা বাংলাদেশ গোলরক্ষক অসীম টাইব্রেকারে শ্রীলঙ্কার তিনটি হিট আটকে দেন।
ওদিকে সিঙ্গাপুরকে ৪-০ গোলে হারিয়ে ওমান সহজেই উঠে এসেছে ফাইনালে। গত এশিয়া কাপে ওমান বাংলাদেশকে হারিয়েছিল ৪-২ গোলে। আজ প্রতিশোধ নিতে পারবেন মামুনুররা?