নামেই ঘরোয়া হকি। কিন্তু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কালকের ক্লাব কাপের সেমিফাইনাল দেখে মনে হচ্ছিল এ বুঝি আন্তর্জাতিক হকি! মাঠে ওমানের দুই আম্পায়ার। আবাহনীতে পাঁচ পাকিস্তানি খেলোয়াড়। মেরিনার্সে জার্মানি, কেনিয়া ও মালয়েশিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে পাঁচ খেলোয়াড়। আন্তর্জাতিক আবহে ভরা এমন ঘরোয়া টুর্নামেন্টে আবারও যেন নিজেদের জৌলুশ ফেরানোর অপেক্ষায় আবাহনী। কাল পিছিয়ে পড়েও মেরিনার্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আকাশি-নীল দল। আগামীকাল ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ঊষার মুখোমুখি হবে আবাহনী। দুই বছর আগে সর্বশেষ ক্লাব কাপ হকির ফাইনালও হয়েছিল এই দুই দলের মধ্যে।
এই মৌসুমে হকিতে নতুন শক্তি হিসেবে উঠে আসতে চায় মেরিনার্স। সেই লক্ষ্যেই তারা কোচ করে এনেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ডকে। সঙ্গে এনেছে জার্মান, কেনিয়ান ও মালয়েশিয়ান খেলোয়াড়দের। জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মামুনুর রহমান চয়ন, মঈনুল ইসলাম কৌশিক, ফজলে হোসেন রাব্বিরা থাকায় দলের শক্তি আরও বেড়েছে। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা মেরিনার্স কালকের খেলাতেও ফাইনালে ওঠার দাবিটা জানাচ্ছিল জোরেশোরে। ৫৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল মেরিনার্সই। কিন্তু আবাহনীতে খেলতে আসা পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। পিটার গেরহার্ডও যেন হেরে গেলেন জাতীয় দলের সফল কোচ মাহবুব হারুনের কৌশলের কাছে।
৩ মিনিটেই পেনাল্টি কর্নার (পিসি) থেকে পাকিস্তানি তৌসিফ আরশাদের গোলে এগিয়ে যায় আবাহনী। কিন্তু ১১ মিনিটে মালয়েশিয়ার জিয়া মোহানের গোলে সমতায় ফেরে মেরিনার্স (১-১)। ২৪ মিনিটে চয়নের পিসি থেকে ২-১ করে ফেলে মেরিনার্স। কিন্তু পিছিয়ে পড়া আবাহনী যেন খোঁচা খাওয়া বাঘের মতো জেগে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে রুম্মনের হিটে ২-২ করে তারা। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে শাফকাত রসুলের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আবাহনী।
ম্যাচ শেষে হারের জন্য খেলোয়াড়দের ক্লান্তিকে দায়ী করলেন মেরিনার্স কোচ গেরহার্ড, ‘শেষ দিকে ছেলেরা ক্লান্ত হয়ে পড়েছিল। ওদের ফিজিক্যাল ফিটনেস নিয়েই প্রশ্ন রয়েছে।’ ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত হারুন সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘কখনোই মনে হয়নি যে ম্যাচটা হাতছাড়া হয়ে যেতে পারে। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ছেলেদের বলেছি, তোমরাই জিতবে। পরিকল্পনায় আমি সফল। এই জয়ের সব কৃতিত্বই খেলোয়াড়দের।’