ফাইনালে আলো ছড়াবেন মেসি

যে হাতে গোনা কয়েকজন ফুটবলার গায়ে চাপিয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় দলের জার্সি, ড্যানিশ ফুটবলার মাইকেল লাউড্রাপ তাঁদেরই একজন। আজ কোপা ডেল রের ফাইনালে বার্সা বা রিয়াল, কাকে সমর্থন দেবেন তিনি? এটা ঠিক করা নিশ্চয়ই কঠিন তাঁর জন্য। তবে একজনের প্রতি সমর্থনে কোনো কুণ্ঠা নেই লাউড্রপের। তিনি আশাবাদী, লিওনেল মেসি জ্বলে উঠবেন আজকের ম্যাচে।
সাম্প্রতিক সময়ে মেসি বেশ সমালোচনার মুখে আছেন। তবে মেসি সম্পর্কে মুগ্ধতা এতটুকু পাল্টায়নি লাউড্রপের। সাবেক সোয়ানসি কোচ বললেন, ‘তার সম্পর্কে কিছু বলা আসলেই মুশকিল। সে বিশ্বসেরা। সর্বকালের সেরাদের একজন। সাম্প্রতিক ম্যাচগুলোয় নিজের সেরাটা দিতে পারেনি। মার্চের ক্লাসিকের আগেও লোকে এমন কথা বলেছিল। কিন্তু ওই ম্যাচে সে হ্যাটট্রিক করে আরেকটি কীর্তি গড়েছে।’
বার্সার সাম্প্রতিক ব্যর্থতার পেছনে অনেকে জেরার্ডো মার্টিনোকে দুষছেন। এ ক্ষেত্রেও বার্সা কোচকে সমর্থন করছেন লাউড্রাপ, ‘যখন সবকিছু ভালো যায় না, তখন কোচিং স্টাফদের দোষারোপ করা খুব সহজ। খেলোয়াড় পরিবর্তনের চেয়ে কোচ পরিবর্তন সহজ। ডাগআউটে কে থাকবে, সেটি নির্বাচন করা এত সহজ নয়।’