ফাইনালে আসছেন ম্যান্ডেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব চলছে সাড়ম্বরেই। তবুও কোথায় যেন একটু খামতি, একটু অপূর্ণতা। নেলসন ম্যান্ডেলাই যে এখনো বিশ্বকাপ দেখতে আসেননি! সেই অপূর্ণতা হয়তো পূরণ হতে চলেছে। ম্যান্ডেলার পরিবার থেকে জানানো হয়েছে, রোববারের সমাপনী অনুষ্ঠানে হয়তো থাকবেন কালো মানুষের এই মুক্তির দূত। অবশ্য এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।আফ্রিকায় প্রথম বিশ্বকাপ আয়োজনের অন্যতম রূপকার ছিলেন ম্যান্ডেলাই। কিন্তু ৯২ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট এখনো বিশ্বকাপ দেখতে আসেননি। স্বাস্থ্যগত কারণে তাঁর পরিবার আগে থেকেই রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে ম্যান্ডেলা থাকতে রাজি হলেও পারিবারিক দুর্ঘটনায় আসতে পারেননি, তখন মারা গিয়েছিল তাঁর মেয়ের নাতনি।এই অপূর্ণতাটুকু নিয়েই এগিয়ে চলতে চলতে বিশ্বকাপ এখন একদম শেষপ্রান্তে। ফিফা এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও আকুল আবেদন জানানো হয়েছে, ম্যান্ডেলা যেন অন্তত সমাপনী অনুষ্ঠানে হাজির হন। কদিন আগে ঘানার ফুটবলারদের ডেকে নিয়ে কথা বলতে যখন পেরেছেন, চাইলে এটাও নিশ্চয়ই পারবেন। এই আবেদন সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে ম্যান্ডেলার পরিবার ও ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আফ্রিকান দর্শকদের আকাঙ্ক্ষা হয়তো পূর্ণ হচ্ছে। হয়তো আসছেন তাদের ‘মাদিবা’! এএফপি।