ফাইনালে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিশ্বমঞ্চ, আরেকটি নকআউট লড়াই, সেই দক্ষিণ আফ্রিকা...। ফাঁকা জায়গাটা পূরণ করতে কারও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়—যথারীতি চোকিং!বড় উপলক্ষে ভেঙে পড়ার ঐতিহ্য বজায় রেখেছে বলেই দক্ষিণ আফ্রিকার অসহায় আত্মসমর্পণটাকে ‘চোকিং’ বলা হচ্ছে। অন্য কোনো দল হলে কথাটা উঠত না। এর চেয়ে শোচনীয়ভাবেও কি হারে না কোনো দল! কালকের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘চোক’ করেছে বললে অ্যালিস্টার কুকও হয়তো আপত্তিই করবেন। তিন বিভাগেই যেভাবে দাপট দেখিয়েছে তাঁর দল, তাতে কুক দাবি করতেই পারেন, ‘আমরা অমন খেললাম বলেই না ওরা পারল না।’কাজের কাজটা করে দিয়েছে ইংলিশ বোলাররাই। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠানোর সময় কুক হয়তো ভাবেনওনি, ১৭৫ রানেই গুটিয়ে দেওয়া যাবে প্রতিপক্ষকে। হেসেখেলেই এই স্কোর টপকে গেছে ইংল্যান্ড। ৭ উইকেট হাতে রেখে জিতেছে ৭৫ বল বাকি থাকতেই। চ্যাম্পিয়নস ট্রফিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইংল্যান্ড। এর আগের ফাইনালটি ছিল ২০০৪ সালে, সেবারও খেলা হয়েছিল ইংল্যান্ডেই। সেবার এজবাস্টনের সেমিফাইনাল জিতে ইংল্যান্ড হেরে গিয়েছিল ওভালের ফাইনালে। এবার কি ওভালের সেমিফাইনাল জিতে ভাগ্যবদল হবে এজবাস্টনের ফাইনালে?দক্ষিণ আফ্রিকার ১৭৫ রান তোলাও ছিল ছোটখাটো একটা বিস্ময়। না, এত কম রানে গুটিয়ে যাওয়া নয়, বরং এত বেশি করে ফেলা! একসময় তিন অঙ্কটাকেই মনে হচ্ছিল দূরের বাতিঘর! অষ্টম উইকেট পড়ে গিয়েছিল ৮০ রানে। একটা জুটি আর দুজন ব্যাটসম্যানের কল্যাণে সেই ‘বাতিঘর’কে পেরিয়ে অনেকটা এগিয়ে গেছে প্রোটিয়া ইনিংস। ওই দুই ব্যাটসম্যানের একজন আবার আদতে বোলার! নবম উইকেটে ডেভিড মিলার ও ররি ক্লেইনভেল্টের জুটিতে এসেছে ৯৫, বাকি সব জুটি মিলে ৮০! মিলার ও ক্লেইনভেল্ট মিলে করেছেন ৯৯ রান, অতিরিক্তসহ বাকি নয় ব্যাটসম্যান মিলে ৭৬! মিলার-ক্লেইনভেল্টের সঙ্গে যদি পিটারসন-ডু প্লেসিসকেও যোগ করা হয়, তাহলে চারজনের রান ১৫৫, বাকি সাত ব্যাটসম্যান মিলে ৮! সোয়ান ফিট থাকলে যাঁর খেলাই হতো না, সেই জেমস ট্রেডওয়েলই ইংলিশদের সেরা বোলার। সুইং বোলিংয়ে যথারীতি শুরুতে ২ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন।নবম জুটি দলকে বিব্রত হওয়া থেকে বাঁচিয়েছে। কিন্তু স্টেইনবিহীন বোলিং আক্রমণ কি আর ওই রান নিয়ে লড়াই করতে পারে! ৪১ রানের মধ্যেই দুই ইংলিশ ওপেনারকে ফিরিয়ে তবুও লড়াইয়ের খানিকটা ইঙ্গিত দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ট্রট-রুটের ব্যাটিংয়ে প্রোটিয়াদের সম্ভাবনা আর ইংলিশদের শঙ্কা—সব উধাও। ফিফটির সুবাস পেয়ে যখন আউট হলেন জো রুট, জুটিতে রান উঠেছে ১০৫। ট্রট মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। অপরাজিত ৮২ রান করার পর মরগানকে সঙ্গী করে যখন ফিরছেন ট্রট, দক্ষিণ আফ্রিকানরা তখন আবারও ওই প্রশ্নটার উত্তর খুঁজে মরছে। বড় উপলক্ষে কেন এমন হয়! ওয়েবসাইট।