ফাইনালে উঠেই সন্তুষ্ট দেল বস্ক!
হাসিমুখের ভিসেন্তে দেল বস্ককে খুব কমই দেখা যায়। শিষ্যরা একের পর এক সাফল্য উপহার দিলেও ডাগআউটে গম্ভীর মুখেই পায়চারি করতে দেখা যায় এই সময়ের অন্যতম সেরা এই কোচকে। সেই দেল বস্কের মুখেই এক টুকরো হাসি দেখা গেল কনফেডারেশনস কাপের ফাইনালের আগে। সংবাদ সম্মেলনে খানিকটা রসিকতাও করলেন। জানালেন ফুটবলটা শুধু তাঁর তীব্র ভালো লাগার জায়গাই নয়, বিরাট এক ‘দুর্বলতা’ও বটে। আজ কনফেডারেশনস কাপের ফাইনালে শিষ্যরা যদি স্বাগতিক ব্রাজিলকে হারাতে পারেন, তাহলে কোনো সন্দেহ নেই দেল বস্কের হাসিটা আরও চওড়াই হবে।২০০৮ সালের ইউরোজয়ী স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দেল বস্ক। তারপর থেকে সাফল্যই যেন হয়ে উঠেছে স্পেনের অপর নাম। ২০১০ সালের বিশ্বকাপ আর ২০১২ সালে টানা দ্বিতীয়বারের মতো ইউরো জিতিয়ে স্পেনকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলকে হারাতে পারলেই আরেকটি পালক যোগ হবে স্প্যানিশ মুকুটে। ফিফা আয়োজিত এই একটি প্রতিযোগিতার শিরোপাই এখন পর্যন্ত অধরা আছে লা রোজাদের। তবে ফাইনালের আগে সে সব নিয়ে কোনো কথাই বললেন না দেল বস্ক। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে খেলতে পারাটাই যেন বড় অর্জন স্প্যানিশ কোচের জন্য। সেটাই উপভোগ করছেন তিনি, ‘আমি খুবই সন্তুষ্ট। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু। কাজেই আমি এটা উপভোগ করছি। ফুটবলটা শুধু আমার ভালো লাগাই না, এটা আমার একটা দুর্বলতাও।’২০১৪ সালের ফুটবল বিশ্বকাপেও নিশ্চিতভাবে ফেবারিট হিসেবেই অংশ নেবে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে মারাকানায় বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়ার অগ্রিম ইচ্ছা এখনই জানিয়ে রেখেছেন দেল বস্ক। বলেছেন, ‘এখানে ফাইনাল খেলতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করছি, এখানে আবার ফিরে আসতে পারব। খেলতে পারব ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও।’— রয়টার্স