ফাইনালে ঊষাকে পেল মোহামেডান
খেলা শেষ। স্টেডিয়ামের এক কোণে চুপচাপ বসে আবাহনীর অধিনায়ক আসাদুজ্জামান (চন্দন)। তাঁর পাশে বিষণ্ন চেহারায় বসে হাসান যুবায়ের (নিলয়), লাবু নাহিদ, অজিত কুমাররাও। কাল ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকির সেমিফাইনালে ঊষার কাছে ২-৫ গোলে হেরে যাওয়ার পর এটাই ছিল আবাহনী শিবিরের প্রতীকী ছবি।বিকেএসপির খেলোয়াড় নিয়ে গড়া একেবারেই তারুণ্যনির্ভর আবাহনী ক্লাব কাপে প্রথম হোঁচট খেয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ১-২ গোলে হেরে। তাদের জন্য আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছিল সেমিফাইনালে। সেই পরীক্ষায় উতরাতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা। জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া ঊষার সঙ্গে লড়াইটা জমল না একেবারেই। ঊষার কৃষ্ণ কুমার ২টি, মাকসুদ আলম (হাবুল), মোস্তফিজুর রহমান (দিনার) ও হেদায়েতুল ইসলাম ১টি করে গোল করেছেন। আবাহনীর গোল দুটি জামিল বিন তালিব (শুভ) ও হাসান যুবায়েরের (নিলয়)।অথচ শুরুটা কি দারুণই না হয়েছিল আবাহনীর! খেলা শুরু হতে না হতেই আক্রমণে। ম্যাচের ১৭ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে। কিন্তু ওই শেষ। এরপর যা খেলার খেলল ঘরোয়া হকির অন্যতম পরাশক্তি ঊষা। আবাহনীর রক্ষণভাগ এলোমেলো করে একের পর এক গোল করেছেন মাকসুদুল, কৃষ্ণরা। আবাহনী চারটি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে মাত্র একটি সুযোগ কাজে লাগাতে পেরেছেন আসাদুজ্জামান। ভুল পাসের ছড়াছড়ি, সেই সঙ্গে তাদের বল রিসিভিংয়েও ছিল সমস্যা। ফাইনালে উঠতে না পারার জন্য কোচ কাওসার হোসেন দায়ী করলেন রক্ষণভাগকে, ‘আমরা প্রথম দশ মিনিটই যা খেলার খেলেছি। এরপর রক্ষণভাগ ফেল করেছে। তা ছাড়া পুরো দলটাই বাজে খেলেছে। দিনটাই আমাদের জন্য খারাপ গেছে।’ ঊষার কোচ জামাল হায়দার স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার, ‘আমরাই চ্যাম্পিয়ন হব, ইনশাআল্লাহ। জাতীয় দলের কৃষ্ণ, নান্নু, তাপস, কুটিদের ওপরই ভরসা করেছিলাম। ওরা খুবই ভালো খেলেছে। এখন ফাইনালের জন্যই ভাবছি।’সেই ফাইনাল আগামী পরশু। যাতে ঊষার প্রতিপক্ষ মোহামেডান।