ফাইনালে এক পা চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসেলের মাঠ থেকে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকেও পরাজয় মেনে ফিরতে হয়েছে। চেলসির মনে তাই একটা ভয় ছিলই। কোয়ার্টার ফাইনালেই আরেক ইংলিশ ক্লাব টটেনহামকে বিদায় করেছে সুইস ক্লাবটি। কিন্তু ম্যাচ শেষে হাঁপ ছেড়েই বেঁচেছেন রাফায়েল বেনিতেজ। পরশু ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বাসেলকে ২-১ গোলে হারিয়েই ঘরে ফিরেছে চেলসি।স্বাগতিক দলকে সমর্থন জোগাতে গ্যালারিতে ছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। কিন্তু ‘ফেডেক্সের’ উৎসাহেও লাভ হয়নি, ঘরের মাঠে হারে পরের পর্বে যাওয়ার আশাটা তাদের দূরে সরে গেল।১২ মিনিটেই এগিয়ে গিয়েছিল চেলসি। ল্যাম্পার্ডের কর্নার থেকে ভিক্টর মোজেস হেড করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে দুই দলের দুটি শট বারে লাগার পর চেলসির এক গোলে জয়টাই মনে হচ্ছিল নিয়তি। কিন্তু ৮৭ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে সমতায় ফেরায় বাসেল। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লুইজের ফ্রি-কিক জিতিয়ে দেয় চেলসিকে। চেলসির গোল উদ্যাপনের মধ্যেই বেজে যায় শেষ বাঁশি।ম্যাচ শেষে বেনিতেজ বলেছেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তই তাতিয়ে দিয়েছিল তাদের। খেলার ফলটা তাই ‘কাব্যিক বিচারেরই’ প্রতিফলন, ‘আমরা মনে করি গোল খাওয়াটা আমাদের প্রাপ্য ছিল না। তাই এটা একটা বাড়তি প্রণোদনার মতো ছিল। গোলরক্ষক হয়তো ফ্রি-কিকটা আটকাতে পারত, কিন্তু গোলটা আমরা পেয়েছি। আমি মনে করি এটা ন্যায্যই ছিল।’এই ম্যাচ জিতেই অবশ্য গা এলিয়ে দিতে পারছে না চেলসি। প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকাটাই এখনো অনিশ্চিত। চারে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের টিকিটও মিলবে না। বেনিতেজ তাই এই ম্যাচের রসদ কাজে লাগাতে চাইছেন লিগে। আরেক সেমিফাইনালে ফেনেরবাচে ১-০ গোলে বেনফিকাকে হারিয়ে এগিয়ে গেছে ফাইনালে ওঠার দৌড়ে। নিজেদের মাঠে তুর্কি দলটির জয়ের নায়ক এগেমেন কর্কমাজ। রয়টার্স।