ফাইনালে ওঠার ম্যাচ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনাস পয়েন্ট রঙ্গ শেষে বিসিএলের পয়েন্ট তালিকা এখন স্পষ্ট। দুই ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওয়ালটন মধ্যাঞ্চল, ৯ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আছে তার পরই। বাকি দুই দলের মধ্যে বিসিবি উত্তরাঞ্চলের পয়েন্ট ৬ আর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ পয়েন্ট।শীর্ষ দুই দলের সঙ্গে নিচের দুই দলের পয়েন্ট ব্যবধান অনেক বেশি হলেও শেষ ম্যাচের আগে ফাইনালে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। কেননা, এক ম্যাচ থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেতে পারে কোনো দল। আজ থেকে শুরু লিগ পর্বের শেষ দুটি ম্যাচেই নির্ধারিত হবে কারা খেলবে বিসিএলের দিবারাত্রির ফাইনাল। এই পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। ফাইনাল হবে বিপিএলের পর।হ্যামস্ট্রিং চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় মাহমুদউল্লাহকে এই ম্যাচেও পাচ্ছে না মধ্যাঞ্চল। নেতৃত্ব থাকবে বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেনের কাঁধে। চোট খেলতে দিচ্ছে না পেসার তালহা জুবায়েরকেও। অন্যদিকে বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও পেসার আবুল হাসান এক ম্যাচ পর দলে ফেরায় সুবিধাজনক অবস্থায় পূর্বাঞ্চল। তবে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকায় ফাইনালে যেতে জয়ের বিকল্প দেখছেন না দলের অধিনায়ক অলক কাপালি, ‘ড্র বা প্রথম ইনিংসের লিডের কথা ভেবে লাভ নেই। আমরা যদি সরাসরি জিততে পারি, শুধু তাহলেই ফাইনালে খেলার সুযোগ থাকবে।’পায়ের পেশির চোটের কারণে দক্ষিণাঞ্চলের মোহাম্মদ মিঠুনের খেলা নিয়ে কাল রাতেও সামান্য অনিশ্চয়তা ছিল। অধিনায়ক আবদুর রাজ্জাক জানিয়েছেন, মিঠুনের অবস্থা বুঝতে আজ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। লক্ষ্য যেহেতু সরাসরি জয়—মিঠুনসহ পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে চান অধিনায়ক। তবে বোনাস পয়েন্টের সুযোগ বেড়ে যাওয়ায় মাথায় রাখতে হচ্ছে অনেক কিছুই। ‘এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল। ছোটখাটো অনেক জিনিস মাথায় রাখতে হচ্ছে। সবার আগে যেমন প্রথম ইনিংসে এগিয়ে থাকাটা নিশ্চিত করতে হবে’—বলেছেন রাজ্জাক।আজকের ম্যাচের আগে উত্তরাঞ্চলের ১৫ জনের দলে যোগ হয়েছেন শুভাশিস রায় ও তানভীর হায়দার। শুভাশিস এসেছেন পেসার শফিউল ইসলামের জায়গায়, আর লিটন দাসের জায়গায় তানভীর। পায়ের পুরনো চোট বেড়ে যাওয়ায় বিশ্রাম দেওয়া হয়েছে শফিউলকে।