ফাইনালে ওঠার লড়াইয়ে শেষের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালের অনুশীলনের জন্য গোলাপি বল দেওয়া হয়েছে সব দলকেই। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসরের দিবারাত্রি ফাইনাল হবে গোলাপি বলে। মিরপুরে কাল দিনের খেলা শেষে ড্রেসিংরুমের সামনে গোলাপি বলে নক করছিলেন তুষার ইমরান। তবে গোলাপি বলের ফাইনাল খেলতে হলে আজ অভিজ্ঞতাটার সবটুকু ঢেলে দিয়ে লড়াই করতে হবে তুষারকে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ!বগুড়ায় যখন প্রাপ্তি-অপ্রাপ্তির উচ্ছ্বাস-হাহাকারে অনেকটাই হারিয়ে গেছে ম্যাচের সমীকরণ, মিরপুরে তখন তৃতীয় দিন শেষে ম্যাচ দাঁড়িয়ে রোমাঞ্চকর এক মোড়ে। দারুণ জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই। জয়ের জন্য শেষ দিনে বিসিবি উত্তরাঞ্চলের চাই ৮ উইকেট। জিতলেই ফাইনাল, দক্ষিণাঞ্চলের প্রয়োজন ৩৬৫ রান। এটা তাই সমীকরণ থেকে বাদ দেওয়াই ভালো। জয় প্রয়োজনও নেই তাদের। ড্র করলেই ফাইনাল নিশ্চিত। সেটি অনেকটাই সহজ আর উত্তরাঞ্চলের কাজ কিছুটা কঠিন করে দেবে সম্ভবত শেষ পৌষের শীত। দিনের শুরুতে কুয়াশা আর শেষে ঝুপ করে নামা সন্ধ্যা মিলিয়ে শেষ দিনে দক্ষিণাঞ্চলকে হয়তো টিকে থাকতে হবে বড়জোর ৭০-৭৫ ওভার।কাল চতুর্থ ইনিংসের খেলা যেটুকু হলো, উত্থানপতনের রোমাঞ্চ থাকল ওইটুকুতেই। শুরুতেই ২ উইকেট তুলে নিয়েছিল উত্তরাঞ্চল। দুই বাঁহাতি দেখেই হয়তো ফরহাদ হোসেনের অফ স্পিনে শুরু করেছিল উত্তর। পরিকল্পনাটা কাজেও লেগে যায়। সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেওয়ার কঠিন কাজটি করতে পারলেন ইমরুল। ক্যাচটিও খুব ভালো নিলেন জহুরুল। সাজেদুলকে দারুণ এক কভার ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন এনামুল। একটু পর এই বাঁহাতি পেসারেরই বাড়তি লাফিয়ে ওঠা বলে কট বিহাইন্ড। এরপর দক্ষিণাঞ্চলের প্রতিরোধ সৌম্য ও ফজলে রাব্বির ব্যাটে। প্রায় ২৫ ওভার খেলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন দুই বাঁহাতি।আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সকালে ভালোই এগিয়ে নিচ্ছিলেন উত্তরাঞ্চলকে। কিন্তু ব্যক্তিগত মাইলফলকের কাছে গিয়ে ফিরেছেন দুজনই। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে রাজ্জাকের সোজা বলে বোল্ড মুশফিক। রাজ্জাকের পরের ওভারেই পুলের মতো কিছু একটা খেলতে গিয়ে ৪৭ রানে মিড উইকেটে সৌম্যর তালুবন্দী নাঈম। তবে স্বস্তি মেলেনি দক্ষিণাঞ্চলের বোলারদের। বরং পরের দুই ঘণ্টায় ঝড় বইয়ে দিয়েছেন নাসির হোসেন ও ফরহাদ রেজা। উইকেটে গিয়ে পুল-কাটে রবিউল-রাজ্জাকদের লাইন-লেংথ ভুলিয়ে দেন ফরহাদ। নাসির পরে ছাড়িয়ে যান তাঁকেও। ষষ্ঠ উইকেটে দুজনের ১৪৮ রান মাত্র ১২৩ বলে! ৬ চার ও ৩ ছক্কায় ৬১ বলে ৭৫ করে অপরাজিত ছিলেন ফরহাদ। নাসির আরও একবার ফিরেছেন সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে। ৯ চার ও ৩ ছক্কায় ৭৮ বলে ৮৮ করে লং অনে ক্যাচ দিলেন। ইমরুলকে উপহার দিলেন প্রথম শ্রেণীর প্রথম উইকেটও।৭ উইকেটে ৩৬২ রানে উত্তরাঞ্চল ইনিংস ঘোষণা করে দিয়েছে জয়ের তাগিদ থেকেই। সেই জয় না পেলে ফ্র্যাঞ্চাইজির আনুকূল্যবঞ্চিত টুর্নামেন্টের একমাত্র দলকে ফাইনালের দর্শক হয়েই থাকতে হবে। সং ক্ষি প্ত স্কো রউত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল, মিরপুরবিসিবি উত্তরাঞ্চল: ২৯১ ও ৮১.৪ ওভারে ৩৬২/৭ ডি. (মাইশুকুর ৩১, ফরহাদ হোসেন ১০, জহুরুল ৬, মুশফিক ৮৯, নাঈম ৪৭, নাসির ৮৮, ফরহাদ রেজা ৭৫*, তানভীর ৭; শাফাক ০/৪০, রাজ্জাক ৩/১২৯, রবিউল ১/৬২, তাপস ঘোষ ০/৫০, সোহাগ ১/৩৪, জিয়াউর ০/২২, তুষার ০/১০, ইমরুল ১/১৫)। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ২০৫ ও ৩৬ ওভারে ৮৪/২ (ইমরুল ৯, সৌম্য ৩৭*, এনামুল ৭, রাব্বী ৩০*; ফরহাদ হোসেন ১/৩৮, সাজেদুল ১/১৪, সাকলাইন ০/২৪, ফরহাদ রেজা ০/৬, সানজামুল ০/১)।