ফাইনালে ওঠার লড়াই

মাহমুদউল্লাহর ‘কীর্তিময়’ দিন সীমাবদ্ধ নয় স্রেফ ক্রিকেটীয় কীর্তিতেই। সেঞ্চুরি ও দুই ইনিংস মিলিয়ে টানা চার বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করার দিনে আলোচিত হয়েছেন অশ্লীল অঙ্গভঙ্গি করেও। সেঞ্চুরির পর ড্রেসিংরুমের দিকে ব্যাট তাক করে বাজে ইঙ্গিত করেন মাহমুদউল্লাহ। তাঁর লক্ষ্য কে বা কারা ছিল, সেটা পরিষ্কার নয়। তবে একটি সূত্র জানিয়েছে, শুনানিতে ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করেননি মাহমুদউল্লাহ। লেভেল থ্রি মাত্রার অপরাধের জন্য তাই দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মধ্যাঞ্চল অধিনায়ক। সঙ্গে জরিমানা ম্যাচ ফির পুরোটাই।
মাহমুদউল্লাহর দিনে উত্তরাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়ে ২৬৭ রানের লক্ষ্য পেয়েছে মধ্যাঞ্চল। ১ উইকেটে ১ রান নিয়ে দিন শেষ করা বর্তমান চ্যাম্পিয়নরা জিতলেই উঠে যাবে ফাইনালে। উত্তরাঞ্চলের সমীকরণটা বেশি সহজ। জিতলে তো কথাই নেই, ড্র হলেই হয়। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলার পর উত্তরাঞ্চল ৮৭ রানে পৌঁছায় ফরহাদ রেজা ও শুভাশিস রায়ের ৫১ রানের জুটিতে। এর ৪৮-ই রেজার।
চার নম্বর মাঠে তিন দিনের মধ্যেই পূর্বাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে দক্ষিণাঞ্চল। তিন নম্বর মাঠে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি টাই হলেই শুধু কপাল পুড়বে আবদুর রাজ্জাকের দলের।
পূর্বাঞ্চল: ১৩৫ ও ৩৪১ (সাদমান ৯৮, লিটন ৭০, মুমিনুল ৫২; রাজ্জাক ৫/৯৫, শুভাগত ৩/৬৫, সোহাগ ২/৯৮)। দক্ষিণাঞ্চল: ৩৭৬ ও ১০৩/৪ (এনামুল ৬৩; মোসাদ্দেক ৪/৩৩)।
ফল: দক্ষিণাঞ্চল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক (দক্ষিণাঞ্চল)।
উত্তরাঞ্চল: ৪৫৭ ও ৮৭ (ফরহাদ রেজা ৪৯, তাইজুল ১৪; ইলিয়াস সানি ৫/৪৪, শাহাদাত ২/১১, মাহমুদউল্লাহ ২/১৭, শরীফ ১/২)। মধ্যাঞ্চল: ২৭৮ (মাহমুদউল্লাহ ১০৫*, শামসুর ৪৪, আসিফ ৩৩, মজিদ ৩১; তাইজুল ৬/৮৮, তানভীর ২/৫৪, ফরহাদ রেজা ১/১২, সানজামুল ১/৫৫) ও ১/১ (রনি ০*, ইলিয়াস সানি ০*; তাইজুল ১/০)।