ফাইনালে কমলা ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ট ফন মারউইক কী করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। ৩২ বছর পর হল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসার নেপথ্য নায়ক নিজের অনুভূতি প্রকাশের ভাষাই খুঁজে পাচ্ছিলেন না, ‘ছোট্ট একটা দেশ হয়েও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরে আমি খুব, খুব খুশি এবং গর্বিত। এই অনুভূতি আসলে বোঝানো কঠিন।’১৬ হাজার বর্গমাইলের দেশকে ছোট্টই বলতে হবে। তবে ফুটবলীয় শক্তির বিচারে হল্যান্ড কিন্তু বরাবরই বড় দেশগুলোর একটি। আধুনিক ফুটবলে অবদানও কম নয়। তবে ফুটবল-বিধাতা তাদের প্রতি সুবিচার খুব একটা কখনোই করেননি। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেও শেষ হাসি হাসা হয়নি একবারও। ১৯৭৪ ও ১৯৭৮ দুবারই ফাইনালে পরাজয় স্বাগতিক দলের কাছে। প্রথমবার পশ্চিম জার্মানি, পরের বার আর্জেন্টিনা। ৩২ বছর পর আবার ফাইনালে হল্যান্ড। তবে এই ফাইনালটা কিন্তু অন্য রকম। এই প্রথম সেমিফাইনাল জিতে ফাইনালে উঠল হল্যান্ড, ফুটবল-বিধাতা কি তবে এবার অন্য রকম কিছু রেখেছেন ডাচদের জন্য!প্রথম সেমিফাইনাল জয়, কিন্তু তৃতীয় ফাইনাল শুনে খটকা লাগতে পারে। ঘটনা হলো, ১৯৭৪ ও ১৯৭৮ সালে হল্যান্ডের ফাইনাল খেলা দুটি বিশ্বকাপেই সেমিফাইনাল বলে কিছু ছিল না। তখন প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডও ছিল গ্রুপভিত্তিক। দুটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি ফাইনাল খেলত। ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালটাই ছিল তাই পরশুর ম্যাচের আগে হল্যান্ডের একমাত্র সেমিফাইনাল, যেটাতে হেরেছিল তারা ব্রাজিলের কাছে।৩-২ স্কোরলাইন শুনলে যেমনটা মনে হয়, পরশুর ম্যাচটা কিন্তু ঠিক ততটা উত্তেজনাপূর্ণ ছিল না। উত্তেজনা বা নাটক যেটুকু হলো, তা ম্যাচ শেষের ঠিক আগে, ইনজুরি সময়ে। ৩-১-এ এগিয়ে সহজ জয় পাওয়ার পথে ছিল হল্যান্ড, কিন্তু ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে উরুগুয়ের ম্যাক্সিমিলানো পেরেইরার গোল হঠাৎ করেই উত্তেজনা নিয়ে আসে ম্যাচে। কিছুক্ষণ পর বাঁশি বাজালেন রেফারি, খেলা শেষ ভেবে উল্লাস শুরু করল ডাচরা, কিন্তু ওই বাঁশি ছিল আসলে ফাউলের। একটু পরে আবার বাঁশি, এবারও সবাই ভাবল খেলা শেষ, কিন্তু এবারও ফ্রি-কিক। শেষ পর্যন্ত রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, তিন মিনিটের ইনজুরি সময় তখন পাঁচ মিনিট ছুঁতে চলেছে! নার্ভাস কয়েকটি মিনিট কাটিয়ে ডাচরা তখন উদ্ভাসিত ফাইনালের আনন্দে।দুদলের দুর্দান্ত দুটি গোল ছাড়া ম্যাচের প্রথমার্ধ ছিল বলতে গেলে ম্যাড়ম্যাড়ে। ডিফেন্সিভ মিডফিল্ডার বলে গোলের দেখা সচরাচর পান না জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট, কমলা জার্সি গায়ে ২৫ মাস পর গোল পেলেন পরশু দারুণ এক সময়ে। ১৮ মিনিটে ৩৫ গজ দূর থেকে আচমকা যে গোলাটা ছুড়লেন, তা ফেরানোর কোনো উপায় ছিল না উরুগুয়ে গোলকিপারের। ১০৫ ম্যাচে ডাচ অধিনায়কের মাত্র ষষ্ঠ গোল। এমন গোলের জবাব যেমন হওয়া উচিত ছিল, উরুগুয়ে দিয়েছে তেমনভাবেই। ৪১ মিনিটে হল্যান্ডের বক্সের বাইরে একটু জায়গা পেয়েছিলেন ডিয়েগো ফোরলান, মুহূর্তের মধ্যে বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান জালে। দ্বিতীয়ার্ধে ডেমি ডি জিউর বদলে রাফায়েল ফন ডার ভার্ট মাঠে নামলে গতি আসে হল্যান্ডের খেলায়। ৩ মিনিটের মধ্যে ওয়েসলি স্নাইডার ও আরিয়েন রোবেনের গোল নিশ্চিত করে ডাচদের ফাইনাল।প্রথমার্ধটা ভালো যায়নি, স্বীকার করছেন মারউইক। তবে সেসব ভুলে ডাচ কোচ এখন তাকিয়ে শিরোপার দিকে, ‘প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমরা, কিন্তু দ্বিতীয়ার্ধে শুধরে ফেলেছি। এখন আমার মাথার সবার আগে যেটা আসছে, তা হলো, “আমরা পেরেছি!” আমি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপের শিরোপা, এখন আমরা লক্ষ্য পূরণের খুব কাছে।’ দলের আত্মবিশ্বাসকেই সাফল্যের রহস্য বলছেন তিনি, ‘কোনো কিছু কেউ মন দিয়ে বিশ্বাস করলে তা সত্যি হবেই। আমার দল এটা বিশ্বাস করে। মানসিকতাটা সবচেয়ে জরুরি, গত দুই বছরে আমার দল এটা বিশ্বাস করতে পেরেছে।’ এএফপি।