ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্রাজিলের করিন্থিয়ানস। কাল জাপানের টয়োটায় মিসরের আল আহলি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোলটি করেছেন স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। ১৬ ডিসেম্বরের ফাইনালে দলটির সম্ভাব্য প্রতিপক্ষ চেলসি। তার আগে অবশ্য আজকের দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোর মন্তেরেইকে হারাতে হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটিকে। আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে ১৯৭৮ সালের পর প্রথম দল হিসেবে অপরাজিত থেকে কোপা লিবার্তোদোরেস বিজয়ী করিন্থিয়ানসই ফেবারিট ছিল। তবে দলটির খেলা হতাশই করেছে টয়োটায় আসা হাজার বিশেক করিন্থিয়ানস সমর্থককে। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সম্ভাবনা খুব কমই সৃষ্টি করতে পেরেছে দলটি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান ক্লাবটিকে রীতিমতো চেপে ধরেছিল গোল শোধে মরিয়া আল আহলি। আক্রমণের পর আক্রমণের ঢেউ সামলানো করিন্থিয়ানস রক্ষণভাগকে অসহায় মনে হচ্ছিল এ সময়।কালই একই মাঠে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাইকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক জাপানের সানফ্রেচ্চে হিরোশিমা। ম্যাচের প্রথম গোলটি খেয়েছিল হিরোশিমাই। এরপর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় জে লিগ চ্যাম্পিয়নরা। এএফপি, রয়টার্স।