
মোহাম্মদ সুজনের কাল রাতে ভালো ঘুম হওয়ার কথা নয়। দল হেরেছে। এর চেয়েও বড় কারণ, এক নবীনের কাছে বোকা বনলেন মাঠে। ফুটবল জীবনের শেষের দিকে এসে সুজনের মতো ডিফেন্ডারের জন্য এটা মোটেই সুখকর অনুভূতি নয়।
বল দখলে তুলনামূলক এগিয়ে থাকা আবাহনী গোল খেয়ে গেল মুহূর্তের ব্যর্থতায়। সেটিরই প্রধান চরিত্র সুজনের ম্যাচ শেষে স্বীকারোক্তি, ‘হেমন্তকে ফাইনাল চার্জে যাওয়া ঠিক হয়নি আমার। বল ধরে রাখার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু আমি পড়ে গিয়ে পারলাম না।’
ক্রিকেটে ক্যাচ ছেড়ে ম্যাচ ফেলে দেওয়ার মতোই ব্যাপার ঘটল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ৩২ মিনিটে বক্সের ওপর সুজনকে অনায়াসে কাটিয়ে ভেতের ঢুকে পড়লেন মোহামেডান মিডফিল্ডার হেমন্ত। সেরা সময়ে হয়তো সুজনের সামনে বল নিয়ে সহজে বেরোতে পারতেন না এই তরুণ। কিন্তু কাল বেরোলেন এবং ম্যাচের ভাগ্যনির্ধারক দৃশ্য হয়ে রইল এটিই।
হেমন্তের পাস কাজে লাগিয়ে আবাহনীর আততায়ীর ভূমিকায় অবতীর্ণ জঙ্গো। সাদাকালোর নবাগত বুরকিনা ফাসোর মিডফিল্ডারের দারুণ শটে লক্ষ্যভেদ। ম্যাচ শেষের এক ঘণ্টা পরও সবাই জানত গোলদাতা জঙ্গো। কিন্তু বল জালে যাওয়ার সময় নাকি এমিলি বুকে সামান্য ছোঁয়া লাগে (না লাগলেও গোল হতো)। রেফারি আজাদ রহমানের নোটবুকে ফাঁকতালে গোলটা এমিলির নামে বরাদ্দ।
এই একমাত্র গোলই আবাহনীর বিপক্ষে ছয় ম্যাচ পর জেতাল মোহামেডানকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে তাই স্বাধীনতা কাপের ফাইনালে সাদাকালোরা। ১২ এপ্রিল শেষ লড়াই ফেনী সকারের বিপক্ষে। মোহামেডান-সমর্থকেরা উৎসবের আগাম তোড়জোড় শুরু করলে ভুলই হবে। তিন গাম্বিয়ানকে নিয়ে ফেনীর দলটি কিন্তু এখন টগবগে ঘোড়া।
আবাহনী এ নিয়ে টানা পাঁচ টুর্নামেন্টে ব্যর্থ। কোনোটিতেই উঠতে পারেনি ফাইনালে। প্রথম তিনটিতে শেষ আটের আগেই বিদায়। সেই দুঃস্মৃতি মনে রেখে এদিন মাঠে নেমেছিল আকাশি-নীলেরা। শুরু থেকে দুই প্রান্ত ব্যবহার করে খেলেছিল। মাঝমাঠ থেকে প্রচুর বল গেল আক্রমণে, পাসিং হচ্ছিল ভালো। কিন্তু সুযোগ নষ্ট করার বিলাসিতাও তারা করেছে। মরিসন, সুয়ারেস, ইব্রাহিম মিলে প্রথম ত্রিশ মিনিটে অন্তত একটা গোল পেতেই পারতেন। তখন পর্যন্ত মোহামেডান ছিল নিষপ্রভ, রক্ষণাত্মক।
ভাবা যায় না, আবাহনী-মোহামেডান ম্যাচে একটা দল রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামবে! কিন্তু সাদাকালোর কোচ রুই ক্যাপেলা নিজের মতো করে পরিকল্পনা সাজাতে পারেন। জোনাল মার্কিং ঠিক রেখে আগাগোড়া পাল্টা আক্রমণ নির্ভর খেলে দিনের শেষে তো জিতে বেরিয়েছেন তিনিই। প্রতিপক্ষ কোচের ‘নেতিবাচক ফুটবল খেলার’ সমালোচনার তীরে ক্যাপেলার কী আসে যায়।
দ্বিতীয়ার্ধে আবাহনীর আক্রমণ বেড়েছে। খেলেছেও জেতার মতো, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় এই হার।
গ্যালারিতে পাঁচ-সাত হাজার লোক এসে এ ম্যাচের কুলীন মর্যাদা একটু হলেও ধরে রেখেছে, কিন্তু মাঠের খেলাটা নজরকাড়া ছিল না। আবাহনী-মোহামেডান ম্যাচ এখনো ফুটবলের জৌলুশ ফেরানোর চলমান স্বপ্ন বলেন সবাই, কিন্তু দুই দলের জার্সি পরা অনেক খেলোয়াড়ই সেটির সঙ্গে তাল মেলাতে পারেননি।
ব্যক্তিগত নৈপুণ্যের আকাল। ব্যতিক্রম বাদ দিলে অনেক দিন ধরেই ছবিটা দৃশ্যমান। প্রাসঙ্গিক তথ্য, এ ম্যাচে চোখ কাড়া কিছু না করেও ম্যাচসেরার পুরস্কার পেলেন এমিলি। তাঁর বন্ধু আরেক ‘দামি খেলোয়াড়’ জাহিদকে তো খুঁজেই পাওয়া যায়নি ম্যাচে।
আবাহনীর নবাগত আফ্রো-পর্তুগিজ ফরোয়ার্ড সুয়ারেস বাড়তি কিছু করতে পারেননি। ‘বুড়ো’ ইব্রাহিম সহজ সুযোগ হারিয়েছেন। সবাইকে ছাপিয়ে অবশ্য ম্যাচের আলোচিত চরিত্র সুজন। কাল রাতটা তাঁর হয়তো বিনিদ্রই কেটেছে।
মোহামেডান: মামুন, হেনরি, নাহিদ, ড্যামিয়েন, বাইবেক, অরূপ, হেমন্ত (মানিক), সবুজ (তপু), জঙ্গো, এমিলি, জাহিদ (সোহাগ)।
আবাহনী: সোহেল, সামাদ, সুজন, ওয়ালি, মিশু, প্রাণতোষ (রনি), শাহেদ জামাল (আরমান আজিজ), ইব্রাহিম (তৌহিদ), সুয়ারেস, মরিসন।