ফাইনালে খুলনা ও রাজশাহী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চমক থাকবে শেষে—এটাই হয়তো ক্রিকেট। নইলে সব কটি ম্যাচ জিতে যারা লিগ পর্বের একমাত্র অপরাজিত দল, রাজশাহী রেঞ্জার্সের বিপক্ষে সেই ঢাকা ডায়নামাইটস কেন হেরে যাবে সেমিফাইনালে? লিগ পর্বে একটা মাত্র ম্যাচে হারা সুলতানস অব সিলেটই বা কেন ফাইনালে পারবে না ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে ওঠা কিংস অব খুলনার সঙ্গে!
লড়াইটা ছিল দুই রকম। একদিকে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, অন্যদিকে যাঁর ইনজুরির ‘সুযোগে’ সাকিব অধিনায়ক, সেই মাশরাফি বিন মুর্তজা। আরেকটা লড়াই চিতা আর কচ্ছপের। লিগ পর্বে একটা মাত্র ম্যাচ হারা সুলতানস অব সিলেটের গতি ছিল দুরন্ত। আর শেষ ম্যাচে এসে সেমিফাইনাল নিশ্চিত করা কিংস অব খুলনা তার আগ পর্যন্ত পাড়ি দিয়েছে খানাখন্দে ভরা পথ।কি আশ্চর্য! কচ্ছপের গতির কাছেই কি না হেরে গেল চিতার ক্ষিপ্রতা! সুলতানস অব সিলেটকে দুই বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠে গেল কিংস অব খুলনা।সুলতানস অব সিলেটের খেলায় আগের সেই তেজ ছিল অনুপস্থিত। টসে জিতে ব্যাট করতে নামার পর অষ্টম ওভারেই ৪২ রানে ৪ উইকেট হারানো ইনিংসটাকে লড়াই করার মতো অবস্থায় নিয়ে যাওয়ার কৃতিত্ব শ্রীলঙ্কান ইন্ডিকা ডি সারাম ও ফরহাদ রেজার। ৮ উইকেটে করা দলের ১৩১ রানের ইনিংসে এ দুজন মিলে পঞ্চম উইকেটেই যোগ করেছেন ৪৭ বলে ৫২। ফরহাদ এক বাউন্ডারি আর তিন ছক্কায় করেছেন ৩৪ বলে ৪৩ রান, ইন্ডিকা ২৬ বলে ২২।জবাবে কিংস অব খুলনার প্রথম তিন ব্যাটসম্যানের রানই ৯৭। পঞ্চম ওভারে মোহাম্মদ মিঠুনের (১৭ বলে ২১) বিদায়ে ভাঙে ৩৮ রানের ওপেনিং জুটি। এরপর ওপেনার উদয়াত্তের সঙ্গে ইমরুল দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ৬৬ রান। দুজনই করেছেন ৩৮ রান করে। পাঁচ ম্যাচে ২১৪ রান করে ইমরুলই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার।সেমিফাইনালে ওঠাটাই যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন ফাইনালে উঠে খুশি তো হবেনই কিংস অব খুলনার অধিনায়ক সাকিব। অন্যদিকে আগের ম্যাচগুলোয় ভালো খেলেও ফাইনাল দেখতে না পেয়ে হতাশ সুলতানস অব সিলেটের অধিনায়ক মাশরাফি দুষলেন দলের বাজে ফিল্ডিংকে, ‘নিজেদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা হেরেছি। ধীমান স্টাম্পিং মিস করেছে, ফরিদ ক্যাচ ছেড়েছে। ফিল্ডিং আরও ভালো হলে ম্যাচটা জেতা সম্ভব ছিল। এই উইকেটে ১৩১ রানও অনেক।’আগের দিনের মতো কাল প্রথম সেমিফাইনালেরও অনুষঙ্গ হয়েছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত এবং এবার দুদলই কমবেশি ক্ষতিগ্রস্ত। সিলেটের অলক কাপালির স্টাম্পিং নিয়ে যে রকম প্রশ্ন আছে, খুলনার উদয়াত্তের রানআউটটাও না দিলেও পারতেন আম্পায়ার। আম্পায়ারদের কাছেও অবশ্য আছে ‘অজুহাত’—টিভি আম্পায়ার নেই বলে ‘ক্লোজ’ সিদ্ধান্তগুলোও যে তাঁদের নিতে হচ্ছে খালি চোখে দেখে!
কী ছিল না এই ম্যাচে! যে রোমাঞ্চের জন্য এনসিএল টি-টোয়েন্টির শুরু থেকেই হাহাকার, কাল তাতেই শিহরিত গ্যালারি-ভর্তি দর্শক। শেষ ওভারে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে বোলার শফিউল ইসলামের রক্তচক্ষু বিনিময়। কিংবা লিগ পর্বের সব ম্যাচ জেতা ঢাকা ডায়নামাইটসের অবাক করা বিদায়! কাল ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তাদের ১২ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে উঠে গেছে রাজশাহী রেঞ্জার্স।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট খুব বেশি রান দেখায়নি এনসিএল টি-টোয়েন্টি লিগকে। সেদিক দিয়ে রাজশাহী রেঞ্জার্সের ৬ উইকেটে করা ১৪২ রান জেতার মতো স্কোরই। ঢাকা ডায়নামাইটস তার পরও ভালোই লড়াই করল। শামসুর রহমান (৬), মোহাম্মদ আশরাফুল (৪), জহুরুল ইসলামদের (৬) ব্যর্থতার দিনেও ম্যাচটাকে জমিয়ে তুললেন শ্রীলঙ্কান থিলান কান্দাম্বি, মাহমুদউল্লাহ, তাপস বৈশ্য ও শাহাদাত হোসেন। ৪৩ রানে ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে কান্দাম্বি (৩৬ বলে ৩৩)-মাহমুদউল্লাহ (২৩ বলে ২৫) যোগ করেছেন ৩৯ রান। এর পর মুক্তার হোসেনের ১৭তম ওভারে মারা একটি ছক্কাসহ তাপস বৈশ্যের ৬ বলে ১৫ বা শাহাদাত হোসেনের ১১ বলে অপরাজিত ১৯ রান শেষ ওভার পর্যন্ত ছড়িয়ে দেয় ম্যাচের উত্তেজনা।শেষ ২ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ৩২ রান। লং অন দিয়ে মারা শাহাদাতের ছক্কায় মুক্তার আলীর করা ১৯তম ওভারে ১১ রান এলেও শেষ ওভারের লড়াইটা জিততে পারেনি আশরাফুলের দল। ৬ বলে ২১ রান দরকার থাকলেও রানআউটে কান্দাম্বি আর নাবিল সামাদের শেষ দুটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ৮ রান।এর আগে রাজশাহীর ১৪২ রানের ইনিংসে অস্ট্রেলিয়ান এইডেন ব্লিজার্ডের ১৬ বলে ৩২ রানই সর্বোচ্চ অবদান। এ ছাড়া জুনায়েদ সিদ্দিক ৩৩ বলে ২৩ ও হান্নান সরকার ১৭ বলে ২০ রান করেছেন। আগামীকালের ফাইনালে কিংস অব খুলনার মুখোমুখি হওয়ার জন্য রাজশাহীর এই রানটাই যথেষ্ট হলো শেষ পর্যন্ত। ঢাকার ব্যাটিং-ব্যর্থতায় সেটা যথেষ্ট হলো দর্শকদের টি-টোয়েন্টি মনোরঞ্জনের জন্যও। ফাইনালে ওঠার আনন্দে মাঠেই করে যাওয়া রাজশাহী রেঞ্জার্সের উৎসব সেই মনোরঞ্জনে দিল বাড়তি বিনোদন।