ফাইনালে চট্টগ্রামকেই পেল রাজশাহী
এক রাউন্ড হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল রাজশাহী। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় রাউন্ডটা তাই রূপ নিয়েছিল অলিখিত এক সেমিফাইনালে। সুযোগ ছিল বাকি তিনটি দলেরই। রাজশাহীর সঙ্গে ড্র করায় সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল ঢাকার। পরে অবশ্য বোঝা গেছে, জিতলেও কোনো লাভ হতো না। ঢাকার ফাইনালে ওঠার অন্য যে শর্ত, চট্টগ্রাম-খুলনা ম্যাচ ড্র হওয়া, সেটি হয়নি। বগুড়ার ওই ম্যাচে ৩ উইকেটে জিতে ফাইনালে উঠে গেছে চট্টগ্রাম। এবারই প্রথম ফাইনাল দেখছে জাতীয় লিগ। সেই ফাইনাল আবার পাঁচ দিনের। আগামী ৬ মার্চ থেকে এই ফাইনাল হবে মিরপুর স্টেডিয়ামে।ফাইনালে ওঠার লড়াই ছাড়াও এই রাউন্ডের দিকে সবার বাড়তি মনোযোগ ছিল মোহাম্মদ আশরাফুলের কারণে। রানের খোঁজে জাতীয় লিগে খেললেন, অথচ রান তাঁর কাছে সোনার হরিণ হয়েই থাকল। প্রথম ইনিংসে চার নম্বরে নেমে দ্বিতীয় বলেই শূন্য রানে এলবিডব্লু হয়েছিলেন। ভাগ্য বদলানোর আশায় দ্বিতীয় ইনিংসে নেমেছিলেন ওপেনিংয়ে। এবারও শূন্য। ‘উন্নতি’ বলতে এবার প্রথম বলেই আউট! শাহাজাদার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ‘পেয়ার’ পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। আশরাফুলের দল ঢাকাও জয় পায়নি। বরং রাজশাহীকে ফলো অন করানোর পরও উল্টো হেরে যেতে বসেছিল তারা। আগের দিনের ৬ উইকেটে ২৬৯ রানের সঙ্গে কাল মাত্র ১ উইকেট হারিয়ে আরও ১৩৫ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছিলেন রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ। চার শর ওপরে রান তুলতে বড় ভূমিকা রাখেন ৮ নম্বরে খেলতে নামা সাব্বির রহমান। ১৪৯ বলে তাঁর অপরাজিত ১০০ রানে ছিল ১৬টি বাউন্ডারি।ঢাকার সামনে ২৪৬ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল রাজশাহী। কিন্তু ৯৫ রানেই ৮ উইকেট পড়ে যাওয়ার পর সেটির কথা ভুলে ম্যাচ বাঁচানোটাই ঢাকার ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায়। সেটি সম্ভব হয়েছে শুভাগত চৌধুরী (১৯৯ বলে অপরাজিত ৭৪) ও আরাফাত সানির (৫৪ বলে ১৯) ৫৬ রানের নবম উইকেট জুটির কল্যাণে। এই ম্যাচের প্রাইজমানি বাবদ পাওয়া ৩০ হাজার টাকা সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেটার মানজারুল রানা ও সাজ্জাদুল হাসানের পরিবারের হাতে তুলে দিয়েছেন দুই দলের অধিনায়ক খালেদ মাসুদ ও মোহাম্মদ শরীফ।বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামকে ২০২ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল খুলনা। পরশু ২ উইকেটে ৬৩ রান তুলে কাজ এগিয়ে রেখেছিল চট্টগ্রাম। কাল ফয়সাল হোসেনের অপরাজিত ৬৮ রানের সুবাদে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। খুলনার ডলার মাহমুদ ৫ উইকেট নিলেও জয়ে ভূমিকা রেখে ম্যান অব দ্য ম্যাচ ফয়সাল।