এক দিনের ব্যবধানে আবারও অবিশ্বাস্যভাবে মোড় ঘুরে যাওয়া ম্যাচ দেখল আইপিএল। এবার হারতে হারতে জিতে গেল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। এদিনও শেষটা ছক্কায়। শেষ ওভারের চতুর্থ বলটি গ্যালারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন অ্যালবি মরকেল। শেষ ৩ বলে চেন্নাইয়ের দরকার ছিল ৫ রান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ বল আর ৬ উইকেট হাতে রেখে পাওয়া এই জয় ফাইনালে তুলে দিল চেন্নাইকে। বেঙ্গালুরু আরেকটি সুযোগ পাবে। আজ কলকাতা-মুম্বাই ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে গেইলের দল।নিয়মিত ঝড় তুলে আলোচনায় আসা গেইল অবশ্য কাল করেছেন মাত্র ৮। তবে ৪৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৭০ রান করা বিরাট কোহলির ইনিংসে ৪ উইকেটে ১৭৫ রানের স্কোর গড়ে বেঙ্গালুরু। ৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শুরু করা চেন্নাই একসময় ম্যাচ থেকে ছিটকেই পড়েছিল। শেষ ২৪ বলে দরকার ছিল ৫৮ রান। জহিরের করা ১৭ নম্বর ওভারে ২০ আর অরবিন্দের ১৯তম ওভারে ২১ রান তুলে অবিশ্বাস্য সমীকরণটা সহজ করেন রায়না-মরকেলরা। শেষ ওভারে দরকার ১২ রান। ভেট্টোরির করা ওই ওভারের দ্বিতীয় বলে চার, চতুর্থ বলে ছয় মেরে দলকে জেতান ১০ বলে ২৮ করা মরকেল। তবে ম্যাচের নায়ক ৫০ বলে ৭৩ রান করা রায়না। ওয়েবসাইট।