ফাইনালে চোখ রোবেনের

সেই দুঃস্মৃতি এখনো চোখে ভাসে। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের যন্ত্রণা তাড়িয়ে বেড়ায় আরিয়েন রোবেনকে। এবার আর হারের যন্ত্রণা নয়, বিশ্বকাপ জিতে উৎসব করতে চান বায়ার্ন মিউনিখ উইঙ্গার। এ জন্য অবশ্যই আগে হল্যান্ডকে ফাইনালে উঠতে হবে।
ব্রাজিলে যেভাবে কমলা-উৎসব চলছে তাতে ফাইনালেই চোখ রাখছেন রোবেন, ‘এটা একদম সহজ হিসাব। মাত্র তিনটা ম্যাচ জিতলেই আমরা ফাইনালে।’ তার আগে অবশ্য শর্ত আছে একটা। কাল দ্বিতীয় পর্বের ম্যাচে হল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। রোবেনের দৃষ্টিতে এই ম্যাচটাই এখন গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি, ‘আমরা যদি মেক্সিকোর সঙ্গে জিতি, তাহলে আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা সম্ভব।’
আর এই ম্যাচের আগে মেক্সিকোকে বেশ সমীহই করছেন রোবেন, ‘ওদের দলটা খুবই ভালো। চিলির সঙ্গে তুলনা করতে পারেন ওদের। ওরাও অনেক ভালো দল।’ মেক্সিকো-বাধা ডিঙানোর ব্যাপারে আত্মবিশ্বাসের কমতি নেই রোবেনের। সঙ্গে একটা ভয়ও আছে, ‘আমরা মেক্সিকোকে হারাতে পারি। কিন্তু একটা বাজে দিন, একটা ছোট ভুল বা রেফারির একটা বাজে সিদ্ধান্তই আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে।’
মেক্সিকোর বিপক্ষে জিতলে কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের দেখা হওয়ার সম্ভাবনা কোস্টারিকা বা গ্রিসের সঙ্গে। অনেকেই এই দলগুলোকে দুর্বল ভাবছেন। কিন্তু রোবেন কোনো প্রতিপক্ষকেই দুর্বল ভাবতে রাজি নন, ‘আমরা এ রকম কিছুই ভাবছি না। এখানে শুধু আপনার লক্ষ্যটা অবিচল থাকতে হবে। কার সঙ্গে খেলা বা ড্র কেমন হয়েছে, সেসব নিয়ে ভাবছি না।’
গত বিশ্বকাপের মতোই দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছে হল্যান্ড। কিন্তু মেক্সিকোর সঙ্গে ম্যাচ দিয়ে সেই স্বপ্নযাত্রা যেন শেষ না হয়, রোবেনের চাওয়া এটাই, ‘মেক্সিকো দিয়েই আমাদের গল্প শেষ হোক আমরা তা চাই না। কিন্তু গ্রুপপর্বে খেলে এটা বুঝেছি যে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যাবে না।’ ফিফাডটকম।