ফাইনালে ঢাকা ও রাজশাহী
এক রাউন্ড বাকি থাকতেই এবারের জাতীয় লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলল ঢাকা (৭৬ পয়েন্ট) ও রাজশাহী (৮০ পয়েন্ট)। গতকাল রাজশাহীতে স্বাগতিকেরা ৪ উইকেটে সিলেটকে হারিয়ে আর বগুড়ায় বরিশালের সঙ্গে ড্র করে ঢাকা উঠেছে ফাইনালে। ২২ এপ্রিল বগুড়ায় শুরু হতে যাওয়া সুপার ফোরের শেষ রাউন্ডে ঢাকা ও রাজশাহীর ম্যাচটি হতে যাচ্ছে ফাইনালের ড্রেস রিহার্সেল। ওই দিনই রাজশাহীতে শুরু হবে বরিশাল ও সিলেটের ম্যাচটি। ফাইনাল শুরু হবে ২৯ এপ্রিল মিরপুরে।রাজশাহীতে সহজে আসেনি স্বাগতিকদের জয়। ২৩৭ রানের লক্ষ্যে ছুটে ১৬৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল রাজশাহী। এরপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এ ম্যাচে ৬ উইকেট পাওয়া অলরাউন্ডার ফরহাদ হোসেন। ষষ্ঠ উইকেটে তাঁর সঙ্গে ৩৩ রান যোগ করার পর দলীয় ২০২ রানে আউট হয়ে যান ধীমান ঘোষ (৯)। এরপর জুবায়েরকে (২৭*) সঙ্গী করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফরহাদ। ১৪৩ বলে অপরাজিত ৬৮ রান করার পথে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ হয় ম্যান অব দ্য ম্যাচ ফরহাদ হোসেনের। সিলেটের স্পিনার নাসুম আহমেদ ৮৩ রানে নিয়েছেন ৩ উইকেট।বগুড়ায় সেঞ্চুরি করেছেন বরিশালের বাঁহাতি ওপেনার নাসিরউদ্দিন ফারুক (১১১*)। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি করার পথে প্রথম ব্যাটসম্যান হিসেবে এবারের লিগে ৫০০ রান করেন ফারুক। তৃতীয় দিনের ২ উইকেটে ১১৫ রানের সঙ্গে আরও ৫৭ রান যোগ করে ১৭২ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। অধিনায়ক শাহীন (৪৭*) ও নাসিরউদ্দিন ফারুকের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে এসেছে ১২৪ রান।জয়ের জন্য ৬১ ওভারে ৩৮৮ রানের লক্ষ্য পাওয়া ঢাকা চেষ্টা করেনি এই রান তাড়া করতে। ওপেনার উত্তম সরকার মাত্র ১ রানের জন্য বঞ্চিত হয়েছেন তাঁর প্রথম সেঞ্চুরি থেকে। ১৮১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯৯ রান করে নুরুজ্জামানের বলে তৌহিদুলের হাতে ক্যাচ তুলে দেন উত্তম। প্রথম ইনিংসে নয়ে নেমে অপরাজিত ৬৮ করা মোশাররফ এবার পাঁচ নম্বরে নেমে করেছেন অপরাজিত ৫১ রান।