ফাইনালে ঢাকার প্রতিপক্ষ চিটাগং
ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপিএলের ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ সোমবার নিশ্চিত হলো চিটাগং কিংসের। ফাইনালের টিকিট পাওয়ার ম্যাচে সিলেটকে ৩ উইকেটে হারিয়েছে চিটাগং। মিরপুরে কাল সন্ধ্যা ছয়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও চিটাগং।১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় মাত্র ৪ রানের মধ্যে দুটি উইকেট হারায় চিটাগং। বিপর্যয় কাটে নাঈম ইসলাম ও নুরুল হাসানের ৫৬ রানের জুটিতে। নাঈম করেন ৩১ আর নুরুল হাসানের সংগ্রহ ৩৩ রান।১৬ ওভার শেষে চিটাগংয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। প্রয়োজন ২৪ বলে ৪৪ রান। লক্ষ্যটা যে যথেষ্টই কঠিন ছিল, বলার অপেক্ষা ছিল না। কিন্তু ব্যাটে ঝড় তুলে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনেন আরিফুল হক ও ডেসকাট। ১৮ ওভার শেষে লক্ষ্য দাঁড়ায় ১২ বলে ৭ রান। ১৯তম ওভারে নাজমুল হোসেনের বলে বোল্ড হন আরিফুল (১২ বলে ২৩ রান)। তবে ডেসকাটকে ফেরাতে পারেননি সিলেটের বোলাররা। দলকে জয় এনে দিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। ২৮ বলে ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত থাকেন ডেসকাট। সিলেটের হয়ে মোহাম্মদ নবী ও নাজমুল হোসেন দুটি করে উইকেট শিকার করেন।এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান তোলে সিলেট রয়্যালস। সিলেটের হয়ে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন এলটন চিগুম্বুরা। ২৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ বলে ৩৬ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ ছাড়া শিবনারায়ণ চন্দরপল ১৬, পল স্টার্লিং ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন। চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন কেভন কুপার ও এনামুল হক জুনিয়র।