ফাইনালে নেই ম্যাথুস
ফাইনালের আগে ভালো একটা ধাক্কা খেল শ্রীলঙ্কা। ঊরুর পেশির চোটে ফাইনাল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর জায়গায় শ্রীলঙ্কার ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে অফ স্পিনার সুরাজ রনদিভকে।নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করার সময়ই চোটটা পান ম্যাথুস। ওই ম্যাচে অভিজ্ঞ অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনও শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। পরে রনদিভ আর পেসার চামিন্ডা ভাসকে বিকল্প হিসেবে ডেকে আনা হয় ভারতে।ফাইনালের আগে ম্যাথুসের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলে আইসিসির টেকনিক্যাল কমিটির মাধ্যমে রনদিভকে দলভুক্ত করেছে শ্রীলঙ্কা। রনদিভ বিশ্বকাপের দলে না থাকলেও গত বছর নিয়মিতই ছিলেন ওয়ানডে দলে। তবে ফাইনালে ম্যাথুসকে না পাওয়াটা শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদই। তাঁর বোলিং, পাওয়ার প্লের ব্যাটিং, ফিল্ডিং—ভারতের বিপক্ষে সবই মিস করবে সাঙ্গাকারার দল। তবে কিছু সমস্যা থাকলেও মুরালিধরনের আজ খেলার সম্ভাবনাই বেশি।ওদিকে ইনজুরি সমস্যা আছে ভারত শিবিরেও। সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুল ফেটে যাওয়ায় আজ খেলছেন না পেসার আশিস নেহরা। ওয়েবসাইট।