ফাইনালে নেইমারের সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানিদের কাছে হয়তো ডালভাত। কিন্তু ক্লাব বিশ্বকাপ খেলতে ও দেখতে আসা খেলোয়াড়, অতিথিদের জন্য তো আর তা নয়। আর তাই কাল কাশিওয়া রেসল বনাম সান্তোসের ম্যাচটির ছয় ঘণ্টা আগে অতিথিদের সবার মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বইয়ে দিল ৪.৯ মাত্রার ভূমিকম্প! গত মার্চেই ভূমিকম্প এবং এর পর সুনামিতে প্রায় ২০ হাজারের মতো মানুষ মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে। সেই স্মৃতি এখনো টাটকা। এরই মধ্যে এমন ভূমিকম্প। জাপানিরা এতে অভ্যস্ত হয়েও দলগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। অবশ্য সেই ভূমিকম্প বা আতঙ্ক কোনোটাই স্থায়ী হয়নি।হতে পারত অন্যদিক দিয়ে, যদি কাল মাঠেও একটা ‘ভূমিকম্প’ ঘটিয়ে ফেলতে পারত রেসল। এমনিতে জাপানের এই দলটি এবার চমক দেখিয়েছে যথেষ্ট। অনেক হিসাব পাল্টে দিয়ে অকল্যান্ড সিটি আর মন্টেরিকে হারিয়ে উঠে এসেছিল সেমিফাইনালে। কাল স্কোরলাইনটাকে ২-১ বানিয়ে খেলাটাকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। নেইমার, বোর্গেস আর দানিলোর গোলে ৩-১-এ জিতেছে সান্তোস। ১৯ মিনিটে নেইমারই করেছিলেন প্রথম গোল।প্রথম সমীকরণটি মিলিয়ে সান্তোস উঠে গেল ফাইনালে। আজ আল সাদকে হারিয়ে বার্সেলোনা দ্বিতীয় সমীকরণ মেলাতে পারলেই হবে প্রার্থিত সেই মেসি-নেইমার দ্বৈরথ। কাতারের দল আল সাদের কোচ অবশ্য অ্যাডিডাসের সেই বিখ্যাত স্লোগান ধার করে বলছেন, ‘ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির একটি স্লোগান আছে—ইমপসিবল ইজ নাথিং। অসম্ভব বলেই কিছুই নেই। এটাই আমি এখন বিশ্বাস করতে চাই। যদিও আমরা বিশ্বের সবচেয়ে সেরা দলটারই মুখোমুখি হতে চলেছি।’আল সাদ যে অঘটন ঘটবে, এটা নেইমার অন্তত বিশ্বাস করেন না। আর তাই এখনই ‘মিশন-বার্সেলোনা’র প্রস্তুতি নিয়ে রাখছেন এই উঠতি তারকা, ‘বার্সেলোনা আমাদের জন্য হবে সেই সিনেমাটির মতো—মিশন ইমপসিবল। কাজটা হবে কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু আপনারা তো জানেনই, ছবির সেই মানুষগুলো কিন্তু ঠিকই শেষ পর্যন্ত কঠিন সেই মিশনটাই সম্পূর্ণ করে।’ এএফপি, ওয়েবসাইট।