ফাইনালে পাকিস্তানের এক পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের উত্তেজনা জিইয়ে রাখার দায়িত্ব এখন বাংলাদেশের!কাল শ্রীলঙ্কা জিতলে অনেক হিসাব-নিকাশের মারপ্যাঁচ থাকত। আর সমীকরণ যত কঠিন, মজা ততই বেশি। কিন্তু পাকিস্তান কেন ওই জটিল সমীকরণে নিজেদের ঠেলে দিতে চাইবে! বোনাস পয়েন্টসহ ৬ উইকেটের অনায়াস জয়ে ফাইনাল একরকম নিশ্চিত করে ফেলল মিসবাহ-উল-হকের দল। আজ বাংলাদেশের বিপক্ষে জিতে গেলে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে ভারত। বাকি দুটি ম্যাচ হয়ে যাবে শুধু ফাইনালের পোশাকি মহড়া আর সান্ত্বনার জয় পাওয়ার লড়াই। সহজ অনুমেয় এই চিত্রনাট্য পাল্টে দিতে পারে বাংলাদেশ, আজ ভারতকে হারিয়ে!ম্যাচের ফলাফল অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংস শেষে। কিন্তু দলটার নাম যখন পাকিস্তান, সাজানো চিত্রনাট্যে কিছুটা হলেও ওলট-পালট না করলে কী আর চলে! দ্রুত ৩ উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তান। মিসবাহ-আকমলের যুগলবন্দীতে শেষ পর্যন্ত জিতল আবার সহজেই। ১৫২ রানের জুটি গড়েও ম্যাচসেরা অবশ্য এই দুজনের কেউই নন। সহজ জয়ের ক্ষেত্র তৈরি করে দিয়েছে যাঁর বোলিং, সেই আইজাজ চিমা। দলের মতো চিমার শুরুটাও হয়েছিল বাজে, প্রথম ২ ওভারে দিয়েছিলেন ২১ রান। কিন্তু সেই চিমাই পরে ফিরিয়েছেন শ্রীলঙ্কার বিপজ্জনক দুই ওপেনারকে। দ্বিতীয় স্পেলে ফিরেই দূর করেছেন পথের কাঁটা হয়ে থাকা কুমার সাঙ্গাকারাকে। পরে ফিরিয়েছেন লাসিথ মালিঙ্গাকেও, শেষ দিকে রান-টান করার যাঁর ভালোই অভ্যাস আছে।মিসবাহ বরাবরের ধীরস্থির। উমর আকমলও ছটফটে রূপ বদলে পরিচয় দিলেন তাঁর কাছে দলের প্রত্যাশিত পরিণতিবোধের। নইলে চিমার ওই বোলিংও বিফলে যেতে পারত। ইতিহাস বলছে, পাকিস্তানের রান তাড়ার দুটি ধরন আছে। লক্ষ্য বড় হলে শুরু থেকেই খ্যাপাটে ব্যাটিং, লক্ষ্য ছোট হলে বেশি সাবধানী। যুক্তিবুদ্ধির প্রতিফলন ঘটানো হিসাবি ব্যাটিং ঠিক পাকিস্তানি ঘরানা নয়।কালকের পাকিস্তান পরিচিত রূপেই দেখা দিয়েছিল শুরুতে। অতিসাবধানী সূচনায় রানের চাকা মন্থর, কিন্তু উইকেটের চাকা সচল। লাকমলকে পুল করতে গিয়ে মিডঅনে ক্যাচ নাসির জামশেদ। লেগ স্পিনার সিকুগে প্রসন্নর দ্বিতীয় বলেই পয়েন্টে ক্যাচ দিলেন হাফিজ। ত্রয়োদশ ওভারে মাহারুফের দুর্দান্ত ক্যাচে ইউনুস যখন ফিরছেন, ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান!উদ্ধার করলেন এমন দুজন, বেশ কিছুদিন ধরেই দলে যাঁদের জায়গা অনুবীক্ষণ যন্ত্রের তলায়। চিরায়ত ধারার বাইরে এনে পাকিস্তানকে ধারাবাহিক সফল দলে পরিণত করার পরেও যেন কখনোই ঠিক প্রাপ্য স্বীকৃতি পাননি মিসবাহ। যাঁর অন্যতম কারণ তাঁর ব্যাটিং। পরিসংখ্যান ও রেকর্ড বলবে, তাঁর ব্যাটিং যথেষ্টই কার্যকর। কিন্তু এই যুগে কার্যকর ব্যাটিংয়ের চেয়ে যে দেখনদারি ব্যাটিংয়ের কদর বেশি! তবে মিসবাহ সুযোগ পেলেই বুঝিয়ে দেন, এই দলের তাঁকে কতটা দরকার। দিলেন কালও। বড় রান তাড়ার চাপ না থাকায় নিজের মতো ব্যাটিং করতে পেরেছেন, তাতেই বেরিয়ে এসেছে তাঁর সেরাটা। ম্যাচ জিতিয়ে ফিরছেন হাস্যোজ্জ্বল অধিনায়ক—এই দৃশ্যটা যেকোনো দলের কাছে জয়ের চেয়েও বেশি তাত্পর্যবহ হয়ে যায়।আকমল আউট হয়েছেন তাঁর মতোই। অকারণে আক্রমণাত্মক হতে গিয়ে। তবে এর আগ পর্যন্ত শট নির্বাচনে ছিলেন অনেক সাবধানী। দারুণ এক ইনিংস খেলে যখন আউট হলেন, দলের জয় তখন মাত্রই ৪ রান দূরে। আকমল একটু বুঝেশুনে খেললে পাকিস্তানের ব্যাটিংয়ের চেহারাটাই পাল্টে যায়, সেটাও প্রমাণিত হলো আরেকবার।শ্রীলঙ্কা আবারও ডুবেছে ব্যাটিং পাওয়ার প্লেতে। প্রথম ম্যাচে জয়ের দিকে এগিয়ে যেতে থাকা লঙ্কানরা পথ হারিয়েছিল ব্যাটিং পাওয়ার প্লেতে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে। কালও সাঙ্গাকারা-থারাঙ্গার জুটি যখন বিপর্যয় কাটিয়ে মোটামুটি বড় একটা স্কোরের দিকে এগোচ্ছে, সর্বনাশ ডেকে আনল ওই পাওয়ার প্লে-ই। দ্বিতীয় স্পেলে ফেরা আজমলের প্রথম বলেই বোল্ড থারাঙ্গা। ৯৬ রানের এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেননি কেউই। সামলাতে পারেনি পাওয়ার প্লেতে ১৩ রানে ২ উইকেটের ধাক্কা। আজমল-চিমা-গুলের ত্রিমুখী আক্রমণে শেষ ১৮৮ রানেই।এই উইকেটে এটা কোনো রানই নয়। শুধু প্রতিপক্ষের নাম পাকিস্তান বলেই একটু কৌতূহল ছিল। শুরুটা ইঙ্গিত দিচ্ছিল অভাবিত কিছুরই। মিসবাহ ও আকমলের ব্যাটে মৃত্যু সেই সম্ভাবনার।